বিমানবন্দর থেকে খোয়া গেল উর্বশী ৭০ লক্ষের গয়নাসহ ব্যাগ – Bengali News | Urvashi Rautela claims her jewellery worth Rs 70 lakh stolen from London airport
বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছিলেন তাঁর লাবুবু পুতুল কালেকশনের জন্যে। একটি দামি ব্যাগে চারটে পুতুল সকলের নজর কেড়েছিল। এবার সেই ব্যাগ গেল খোয়া। সম্প্রতি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে এচুরি গেল নায়িকার সেই ব্যাগ। উর্বশীর দাবি অনুযায়ী, ৭০ লক্ষ টাকার গয়না ও বিলাসবহুল সামগ্রী-সহ একটি দামি স্যুটকেস বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা থেকেই চুরি হয়ে যায়। এক টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য লন্ডনে গিয়েছিলেন অভিনেত্রী।
উর্বশী জানান, তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুম্বই থেকে লন্ডনে পৌঁছান। তবে প্ল্যাটিনাম এমিরেটস সদস্য হওয়ার পরেও, তাঁর ব্যাগ যত্নে রাখা হয়নি। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে তিনি লেখেন, “একজন গ্লোবাল আর্টিস্ট ও প্ল্যাটিনাম এমিরেটস সদস্য হিসেবে, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ক্রিশ্চিয়ান ডিওরের ব্রাউন ব্যাগেজ গ্যাটউইক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট থেকে চুরি হয়ে গিয়েছে।”
তিনি আরও দাবি করেন, এমিরেটস ও গ্যাটউইক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনও সহায়তা পাওয়া যায়নি। এই ঘটনার ঠিক আগে উর্বশীর পরিবার আরেক চুরির অভিযোগ এনেছিল। অভিনেত্রীর মা সম্প্রতি জানিয়েছেন, যে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত উর্বশীর প্রাক্তন ম্যানেজার বেদিকা প্রকাশ শেট্টি তাঁদের বিশ্বাস ভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণা ও চুরির অভিযোগ তোলা হয়েছিল। অভিনেত্রীর পরিবার থেকে দাবি করা হয়েছিল, এর ফলে তাঁরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এই চুরির ঘটনা একদিকে যেমন অভিনেত্রীর ব্যক্তিগত ক্ষতি, তেমনি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরেও গভীর প্রশ্ন তৈরি করেছে। এখন দেখার বিষয়, বিমানবন্দর কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।