২১ জুলাই ধর্মতলায় সভার অনুমতি পেল না তৃণমূলের কোনও শিবির
বিজেপি জমানায় ‘শহিদ তর্পণ’ করতে দেওয়া হচ্ছে না বলে তৃণমূলের দুই শিবির অভিযোগ তুললেও ২১ জুলাই–র সমাবেশ তার মূল উদ্দেশ্য থেকে অনেক আগেই বিচ্যুত হয়েছে বলে গেরুয়া শিবিরের দাবি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘২১ জুলাই যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, সেই মণীশ গুপ্ত যে দিন তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, সে দিনই ২১ জুলাই শেষ হয়ে গিয়েছে। মণীশ গুপ্ত মন্ত্রী হয়েছিলেন, রাজ্যসভার সদস্য হয়েছিলেন। ২১ জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক রূপচর্চার জায়গা হয়েছিল। সেখানে অনেক গান–নাচ দেখেছি।’ তৃণমূলের কালীঘাট শিবিরের সাংসদ মহুয়া মৈত্রের প্রশ্ন, ‘২১ জুলাই নিয়ে এত ভয় কেন? আপনারা মধ্য কলকাতায় ১৬৩ ধারা জারি করেছেন। পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না?’ যদিও তৃণমূল জমানায় গত পাঁচ বছরে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কতবার সভা–সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, সেই তথ্য সামনে এনেছে বিজেপি। শমীকের কথায়, ‘বর্তমান মুখ্যমন্ত্রীকে সভা করার অনুমতি পেতে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছিল। পশ্চিমবঙ্গে যাঁরা রাজনীতি করছেন তাঁরা মুক্ত মনে সরকারের সমালোচনা করতে পারেন। নিজেদের মত প্রকাশ করতে পারেন।’