Chandannagar Puja: ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, জগদ্ধাত্রীর মণ্ডপের সামনেই সব শেষ – Bengali News | Accident in Chandannagar during Jagadhatri Puja Ashtami, woman died
চন্দননগর: ফের দুর্ঘটনা চন্দননগরে। ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বুধবার দুপুরে ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের একাধিক জায়গায় অঝোরে বৃষ্টি নামে। এদিন ঠিক বৃষ্টি নামার আগে চন্দননগর কলুপুকুরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের সামনেই লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর।
জানা গিয়েছে, এদিন পুজোর অষ্টমীর সকালে চুঁচুড়া মতিঝিলের এক দম্পতি তরুণকান্তি দাস ও শিবানী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কলুপুকুর পুজো মণ্ডপের সামনে তাঁদের বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দু’জনেই রাস্তায় পড়ে যান। বাইকের পিছনে বসেছিলেন শিবানী দাস(৫২)। তিনি রাস্তায় পড়তেই তাঁর উপর দিয়ে একটি লরি চলে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে যান। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। লরি চালক ও লরিটিকে আটক করে পুলিশ।
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর দিনগুলোতে ভারী যান চলাচল বন্ধ থাকে। নো এন্ট্রি থাকে অন্যান্য যানবাহনেও। বিসর্জনের শোভাযাত্রার আলো সাজানোর জন্য লরি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যে লরিটি চাপা পড়ে মহিলার মৃত্যু হয়েছে, সেটি মানকুন্ডুর একটি পুজো কমিটির বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও শববাহী গাড়ি। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুজো কমিটির এক সদস্য জানান, ভিতরে পুজোর ঢাক বাজছিল, সেই সময় হঠাৎ বাইরে বেরিয়ে দেখেন দুর্ঘটনা ঘটেছে। প্রৌঢ় দম্পতির বড় মেয়ে ও জামাই বেঙ্গালুরুতে থাকেন। তাঁদের সঙ্গে ফোনে কথা হয়েছে। দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে।
স্থানীয় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওম প্রকাশ মাহাত বলেন, ‘মানকুন্ডু আদি পালপাড়ার একটি লরি যাচ্ছিল। সেটিই ধাক্কা মারে।’ দুপুর থেকে নো এন্ট্রি থাকে। আগামিদিনে খালাসি ছাড়া যাতে লরি না যায়, সেটা দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।