কাজের পরিস্থিতি নেই, চাপেই ভাঙল বারাসত পুরসভা? - 24 Ghanta Bangla News
Home

কাজের পরিস্থিতি নেই, চাপেই ভাঙল বারাসত পুরসভা?

Spread the love

এই সময়, বারাসত: সোমবার সন্ধ্যায় বারাসত পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান–সহ ১২ জন তৃণমূলের কাউন্সিলার পদত্যাগ করেছেন। বাকিরা বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা পুরবোর্ডের।

রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল পরিচালিত পুরসভায় ভাঙনের আবহ। সেই তালিকায় এ বার জুড়ে গেল বারাসত পুরসভা। সোমবারই চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত–সহ ১২ জন কাউন্সিলার পদত্যাগ করেছেন।

পুরসভার মোট হল ৩৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ৩২টি ওয়ার্ড। সিপিএমের দখলে দু’টি ও একটি ওয়ার্ড সিপিআইয়ের। ইতিমধ্যেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছাড়াও প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্য অভিজিৎ নাগচৌধুরী ও পান্নালাল বসু, কাউন্সিলার দেবব্রত পাল, বিবর্তন সাহা, দীপক দাশগুপ্ত এবং চৈতালি ভট্টাচার্য, পম্পি মুখোপাধ্যায়, প্রণবনন্দন চৌধুরী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী দু’দিনের মধ্যেই বাকি ২০ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পালাবদল হতেই বারাসত পুরসভার দু’জন কাউন্সিলারকে নিয়ে ওয়ার্ডের নাগরিক পরিষেবার কাজ হচ্ছে না, এই অভিযোগ তুলে স্থানীয় বিজেপি কর্মীরা ওয়ার্ডে ঘুরিয়েছেন। মাঝেমধ্যেই বিজেপির মণ্ডল সভাপতি দলবল নিয়ে পুরসভায় ঢুকে কাজের কৈফিয়ত চাইছেন। কাউন্সিলরদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। কখনও ত্রাণের ত্রিপল নিয়ে ‘চোর চোর’ স্লোগান তুলছেন কাউন্সিলারের বিরুদ্ধে। সূত্রের খবর এর জেরেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান–সহ তৃণমূলের কাউন্সিলাররা পদত্যাগ করছেন। যদিও, পদত্যাগী কাউন্সিলারদের দাবি, পুরসভা এবং ওয়ার্ডে কাজের পরিস্থিতি নেই। সেই কারণেই পদত্যাগ।

পদত্যাগী চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে আমাদের দলের প্রায় সব কাউন্সিলারই পদত্যাগ করবেন। নতুন সরকারকে কাজ করার সুযোগ দিতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।’ তিনি জানান, দীর্ঘদিন ধরেই অনেক কাউন্সিলার নিয়মিত পুরসভায় আসছিলেন না। ফলে ৩৫টি ওয়ার্ডের প্রশাসনিক চাপ কার্যত তাঁর একার কাঁধেই এসে পড়েছিল। ৭৭ বছর বয়সে সেই দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছিল না সুনীলের পক্ষে।

এই প্রসঙ্গে বারাসতের বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘বারাসত পুরসভা নাগরিকদের পরিষেবা দিতে ব্যর্থ। তৃণমূলের কাউন্সিলাররা এর জন্য ভয়ে ওয়ার্ডে যাচ্ছেন না। এখন নিজেদের পিঠ বাঁচাতেই পদত্যাগ করছেন। পুরবোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসক বসে নাগরিক পরিষেবা সচল রাখবেন। ফলে, বারাসতের নাগরিকদের জন্য ভালোই হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *