Annapurna Yojana: ১ জুলাই অন্নপূর্ণার টাকা কত মহিলা পাচ্ছেন, জানিয়ে দিল শুভেন্দু-সরকার | Annapurna Yojana: Over 1.3 Crore West Bengal Women to Receive Rs 3,000 on July 1
জুলাইয়ে কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?Image Credit: TV9 Bangla
কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা কতজন পাবেন? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, প্রত্যেক যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এই সামাজিক প্রকল্পের সুবিধা পেতে ফর্ম পূরণ এখনও চলছে। এরই মধ্যে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, আগামিকাল (১ জুলাই) রাজ্যের কতজন মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকবে।
১ জুলাই কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, তাঁদের কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
ওই অনুষ্ঠান নিয়েই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ১ জুলাই রাজ্যের ১.৩ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। অর্থাৎ জুলাই মাসে ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে। কোনও মধ্যস্থতা নয়। কোনও বিলম্ব নয়।
তৃণমূল আমলে ২ কোটি ৪২ লক্ষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকত। এখন কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, সেই নিয়ে জল্পনা চলছে। রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শহর থেকে গ্রাম, প্রত্যেক যোগ্য মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এখনও যাঁরা ফর্ম পূরণ করছেন, পরবর্তীকালে যোগ্যদের নামও যে অন্তর্ভুক্ত হবে, তা স্পষ্ট করে দিয়েছে রাজ্য।
বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছিল, ক্ষমতায় এলেই মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। ক্ষমতায় আসার পরই প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেয় শুভেন্দু-সরকার। জুনে ২৮ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা করে পেয়েছিলেন। এই মাসে সেটাই বেড়ে ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।