‘অনেক হয়েছে, দয়া করে থামুন…’, হঠাৎ কেন মেজাজ হারালেন সোনাক্ষী?
তারকাদের দেখেই ক্যামেরার ঝলকানি, একেবারেই নতুন নয় বিষয়টা। সেই তালিকায় বেশ কয়েকবছর ধরেই রয়েছেন সোনাক্ষী সিনহা ও জ়াহির ইকবাল। দিনকয়েক আগে ফুকেতের সৈকতে দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন দম্পতি। সেখান থেকে ফিরে মা ও বাবাকে নিয়ে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন সোনাক্ষী। যেখানে ক্যামেরার ফ্ল্যাশের কারণে মেজাজ হারিয়েছেন অভিনেত্রী।
রেস্তোরাঁর বাইরে একঝাঁক পাপারাৎজ়ি তাঁদের ঘিরে ধরেন আচমকা। একের পর এক ক্যামেরায় ক্লিক চলতেই থাকে। প্রথমে কিছুক্ষণ বিষয়টা ঠিক ভাবে নিলেও, একটা সময়ে ধৈর্য হারিয়ে ফেলেন সোনাক্ষী। খানিক রাগতস্বরেই তাঁকে বলতে শোনা যায়, ‘অনেক হয়েছে, ধন্যবাদ, শুভরাত্রি।’
তবে তাতেও থামানো যায়নি পাপারাৎজ়িদের। ছবি তুলেই গেলেন তিনি। কিছুতেই যখন থামছেন না, তখন সোনাক্ষী চিৎকার করে বলেন, ‘হয়ে গিয়েছে, প্লিজ় এ বার ছাড়ুন।’ এর পরেই গাড়িতে উঠে বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা যায় সোনাক্ষীদের। যে ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়।
এমনি সময় হলে হয়তো এমন প্রতিক্রিয়া দেখা যেত না সোনাক্ষীর। তবে পারিবারিক সময় কাটানোর সময়ে এমন ছবি তোলার বাড়াবাড়ি মোটেই ভালো ভাবে নেননি তিনি। যে কারণেই বিরক্ত হয়েছেন বলেও মনে করা হচ্ছে।