পর্দায় একের পর এক চুম্বনদৃশ্যে অভিনয়, রামের সমালোচনায় কী প্রতিক্রিয়া স্ত্রীর?
প্রতারণা করলেই বিয়ে ভাঙে না। এমন মন্তব্যের কারণে দিনকয়েক ধরেই সমালোচিত রাম কাপুর। এ বার পর্দায় চুম্বনদৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেতা। ‘লক আপ সিজ়ন ২’ নিয়ে কথা বলার মাঝেই এমন মন্তব্য অভিনেতার। রামকে এমন দৃশ্যে অভিনয় করতে দেখে কী প্রতিক্রিয়া স্ত্রী গৌতমী কাপুরের?
একটা সময়ে ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকে সাক্ষী তনওয়ারকে চুম্বনের কারণে আলোচিত হয়েছিলেন রাম। সেই সব চর্চা নজর এড়ায়নি গৌতমীরও। সম্প্রতি, রামকে জিজ্ঞাসা করা হয় এই চুম্বনদৃশ্য দেখে কী বলেছিলেন তাঁর স্ত্রী? উত্তরে রাম বলেন, ‘যাতে আপনার স্ত্রী নিরাপদ বোধ করেন, সেটা দেখার দায়িত্ব স্বামীদের। বিভিন্ন কাজের জন্য তিন বার চুম্বন করেছি। তবে সেসবে কখনও কোনও আপত্তি ছিল না গৌতমীর। কারণ, ওকে এতটাই ভালোবাসি যে কখনও নিরাপত্তাহীনতা তৈরি হয় না।’
এমন ধরনের দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে গর্ব অনুভব করেন রাম। ছোট পর্দায় প্রথম এমন সাহসী চুম্বন দৃশ্যেও তিনিই অভিনয় করেছিলেন। স্ত্রী গৌতমীও বিষয়টা জানতেন। তাই দু’জনের মধ্যে বোঝাপড়ার কারণেই নাকি কোনও সমস্যা হয় না তাঁদের। ফলে রামকে একবার বলেছেন, ‘আমাকে তুমি গর্বিত করেছ’। রামের কথায়, ‘আমি বুঝেছিলাম যে তাঁর স্বামী প্রথম চুম্বনের মাধ্যমে ইতিহাস গড়ছে বলে সে খুশি হয়েছিল।’
তবে শুধুমাত্র চুম্বনের কারণেই নয়, প্রতারণা নিয়ে মন্তব্য করেও সমালোচিত তিনি। রাম বলেন, ‘কোনও দম্পতি একে অন্যকে ভালোবাসলেও, ভুলবশত কেউ কারও সঙ্গে প্রতারণা করে ফেলতেই পারে। তবে সেটা কোনও ভাবেই বিয়ে ভাঙার কারণ হতে পারে না।’ রামের এহেন মন্তব্য একেবারেই ভালো ভাবে নেয়নি নেটিজ়েনরা। অনেকেরই বক্তব্য, এমন পুরুষতান্ত্রিক মানসিকতা একজন অভিনেতার থেকে মোটেও কাম্য নয়।