Abhishek Banerjee: ধাক্কার পর ধাক্কা, চোখের পর গলাতেও ছাড় পেলেন না অভিষেক | TMC MP Abhishek Banerjee Faces Twin Setbacks in Calcutta High Court: Voice Sample Order Stands, Foreign Travel Plea Delayed
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন নিয়ে কী বলল হাইকোর্ট?Image Credit: TV9 Bangla
কলকাতা: একদিনে কলকাতা হাইকোর্টে জোড়া ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আর্জির দ্রুত শুনানির আবেদন করে ধাক্কা খান। এবার ডিজে মন্তব্য মামলায় ধাক্কা খেলেন। আগামিকাল (মঙ্গলবার) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য হাজিরা দিতে হবে অভিষেককে। হাইকোর্টে আবেদন জানিয়েও ছাড় পেলেন না। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানালেন, আগামিকাল মামলাটি শুনবেন তিনি।
বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক মন্তব্য করেছিলেন, ৪ মে ভোটের ফল ঘোষণার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগ দায়ের হয়। ওই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামিকাল (৩০ জুন) বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেককে।
কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরোধিতা করেই হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। হাইকোর্টে তিনি জানান, ডিজে বাজানো নিয়ে মন্তব্যটি তাঁর। তিনি তা স্বীকার করছেন। তারপরও কেন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা দরকার, সেই প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী।
এদিন অভিষেকের আইনজীবী হাইকোর্টে আর্জি জানান, কোনও কড়া পদক্ষেপ যেন না নেওয়া হয়। সেই আর্জি শুনতে নারাজ হাইকোর্ট। আগামিকাল সিআইডি-র কাছে হাজিরায় কোনও স্বস্তি পেলেন না ডায়মন্ড হারবারের সাংসদ। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য হাজিরা দিতেই হবে অভিষেককে।
এদিনই অভিষেকের আরও একটি আবেদন খারিজ হয়েছে হাইকোর্টে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চাওয়ার আর্জির দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন ‘কালীঘাট তৃণমূলের’ সেকেন্ড ইন কম্যান্ড। কিন্তু, বিচারপতি সৌগত ভট্টাচার্য দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। তিনি জানিয়ে দেন, তালিকা অনুযায়ীই শুনানি হবে আবেদনের। এর আগে গত ২৪ জুনও তাঁর বিদেশযাত্রার আর্জির দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন অভিষেক। সেইসময়ও দ্রুত শুনানির আবেদন খারিজ হয়ে গিয়েছিল।