জোড়াবাগানে হুড়মুড়িয়ে ভাঙল দোতলা বাড়ি, উদ্ধার বৃদ্ধা-সহ ৪ - 24 Ghanta Bangla News
Home

জোড়াবাগানে হুড়মুড়িয়ে ভাঙল দোতলা বাড়ি, উদ্ধার বৃদ্ধা-সহ ৪

Spread the love

কলকাতা: খাস কলকাতার বুকে ফের ভেঙে পড়ল একটি পুরনো বিপজ্জনক বাড়ি। জোড়াবাগান থানা এলাকার ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি পুরনো দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে…

Kolkata House Collapse

কলকাতা: খাস কলকাতার বুকে ফের ভেঙে পড়ল একটি পুরনো বিপজ্জনক বাড়ি। জোড়াবাগান থানা এলাকার ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি পুরনো দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই বাড়িটির ধ্বংসস্তূপের নিচে আচমকাই আটকে পড়েন এক বৃদ্ধা-সহ মোট চার জন। তবে বরাতজোরে বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। (Kolkata House Collapse)

বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG) এবং দমকল কর্মীরা। কালবিলম্ব না করে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় বাড়ির ভেতরে আটকে থাকা চারজনকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উদ্ধার হওয়া ওই চারজনকে বর্তমানে স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। এলাকাটি নিরাপদ করতে দমকল বাহিনী জোরকদমে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, কোনওরকম সংস্কার না হওয়ায় কয়েকশো বছরের পুরনো ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ বিষয়ে প্রাক্তন পুর প্রতিনিধিকে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। এক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দার কথায়, “কয়েকশো বছরের পুরনো বাড়ি। কতবার আমরা কর্পোরেশনকে জানিয়েছি। কিন্তু একটা বোর্ডও টানায়নি।”

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

বাসিন্দাদের দাবি, বাড়িটির একাংশ ভেঙে পড়ায় পাশের একটি বাড়ির দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের আশঙ্কা, ভাঙা অংশটি যদি পেছনের বদলে সামনের দিকে বা রাস্তার ওপর পড়ত, তবে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ছিল। আপাতত ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কলকাতা পৌরসভার আধিকারিকরা। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *