প্রথমবার জুটিতে উজান-রাপূর্ণা! ‘কাতুকুতু বুড়ো’র ট্রেলারে প্রেম-রহস্য-অ্যাকশনের হাতছানি
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। তবে বাবা-মায়ের পরিচয়ের ভারে নিজেকে আটকে রাখেননি তিনি। খুব অল্প বয়সেই নিজের প্রতিভার ছাপ রেখে দিয়েছেন অভিনয়, লেখালিখি এবং পরিচালনার জগতে। এ বার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন উজান। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘কাতুকুতু বুড়ো’ মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।
রবিবার মুক্তি পেল ছবির টিজার। এক মিনিট পঁচিশ সেকেন্ডের এই ঝলকে রয়েছে প্রেম, রহস্য, অ্যাকশন এবং আবেগের এক অনন্য মিশেল। বিশেষ করে উজানের অ্যাকশন অবতার অনেককেই চমকে দিয়েছে। টিজারের প্রতিটি মুহূর্ত যেন ইঙ্গিত দিচ্ছে, এই ছবিতে শুধুমাত্র প্রেমের গল্পই নয়, রয়েছে আরও অনেক অজানা রহস্য।
অভিনয়ের জগতে উজানের পথচলা শুরু হয়েছিল ২০১৮ সালে। তখন তাঁর বয়স মাত্র ২০। ‘রসগোল্লা’ ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। এরপর ‘লক্ষ্মী ছেলে’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। কিন্তু শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ ‘কুরুক্ষেত্র’-এর লেখক ও পরিচালক হিসেবেও নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।
এবার ‘কাতুকুতু বুড়ো’-তে পরিচালক এবং অভিনেতা—দুই ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। ছবির গল্প এগোবে কেদার এবং পারোর প্রেমকে কেন্দ্র করে। এই দুই চরিত্রে অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায় এবং রাপূর্না ভট্টাচার্য। তবে এটি শুধুই একটি প্রেমের গল্প নয়। টিজার দেখে স্পষ্ট, নায়ক হয়ে ওঠার পেছনে লুকিয়ে রয়েছে অন্য এক যাত্রার গল্প, যার পরতে পরতে রয়েছে রহস্য।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়-সহ আরও অনেক পরিচিত মুখকে। তবে ছবির মাধ্যমে আরও একবার পর্দায় দেখা যাবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার আকস্মিক প্রয়াণের পর এটাই তাঁর মুক্তি পাওয়া অন্যতম ছবি।