সরকারি ছুটির দিনেও চলবে প্রশাসনিক কাজ, নির্দেশ নবান্নের
সরকারি ছুটির দিনেও চালু থাকবে প্রশাসনিক কাজ। নবান্নের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের কর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নবান্ন। শনিবার, রবিবার ও অন্যান্য যে কোনও সরকারি ছুটির দিনেও রোস্টার অনুযায়ী কর্মী অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষ ছুটির দিনেও নিয়মিত সরকারি কাজ করেন। তাই প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।নবান্ন সূত্রে খবর, P&AR দপ্তরের প্রতিটি সেলকে ছুটির দিনগুলিতে ন্যূনতম প্রয়োজনীয় কর্মী উপস্থিত রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি কাজ ও প্রশাসনিক পরিষেবায় যেন কোনওরকম ব্যাঘাত না ঘটাতেই এই উদ্যোগ। প্রতিটি শাখাকে আগাম রোস্টার তৈরি করে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র এই নির্দেশ কর্মীবর্গ দফতরের ক্ষেত্রেই প্রযোজ্য।