সিনেমায় কথায় কথায় কেন জামা খুলে দেন সলমন? কারণটা জানলে অবাক হয়ে যাবেন | Why Does Salman Khan Go Shirtless So Easily in Movies? The Reason Will Surprise You - 24 Ghanta Bangla News
Home

সিনেমায় কথায় কথায় কেন জামা খুলে দেন সলমন? কারণটা জানলে অবাক হয়ে যাবেন | Why Does Salman Khan Go Shirtless So Easily in Movies? The Reason Will Surprise You

Spread the love

বলিউডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড মেগাস্টার সলমন খান। একদিকে ‘কালা হিরণ’ ছবির মুক্তি ও প্রচার রুখতে তাঁর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়া এবং আগামী ১ জুলাই সেই মামলার শুনানি, অন্যদিকে তাঁর শারীরিক অবস্থার অবনতির গুঞ্জন— দুইয়ে মিলিয়ে ভাইজানকে নিয়ে উদ্বেগে অনুগামীরা। নেটপাড়ায় রটে গিয়েছে, অভিনেতার ওজন আচমকা বেশ খানিকটা বেড়েছে, চর্বি জমেছে পেটে। তবে সিনেমার কাজ শেষ না করে চিকিৎসার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিতে নারাজ সলমন। ভক্তদের এই চিন্তার আবহেই হঠাৎ এক মজাদার টোটকা ফাঁস করে অনুরাগীদের মুখে হাসি ফোটালেন ভাইজানের দীর্ঘদিনের সহ-অভিনেতা বিন্দু দারা সিং।

বলিউডের ‘সুপার ডান্সার’দের তালিকায় হৃতিক রোশন বা কার্তিক আরিয়ানদের নাম অবধারিতভাবে এলেও সলমন খান সেখানে ব্রাত্য। কিন্তু এর পেছনে যে কী মারাত্মক এক মজার গল্প লুকিয়ে রয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটাই খোলসা করলেন বিন্দু।

বিন্দুর দাবি, আর পাঁচটা তারকার মতো সলমন যদি কোরিওগ্রাফির মহড়া দিতেন, তবে তাঁর নামের পাশেও এতদিনে ‘সেরা নৃত্যশিল্পী’র তকমা জুড়ত। কিন্তু ভাইজান প্র্যাকটিস করার ধারকাছ দিয়েই হাঁটেন না। আর অন-ক্যামেরা বা স্টেজে যদি কখনো নাচের স্টেপ ভুলেও যান, তবে দর্শকের নজর ঘোরাতে তাঁর কাছে রয়েছে এক অব্যর্থ ও অতি সাধারণ টোটকা— জাস্ট ‘শার্টলেস’ হয়ে যাওয়া! হ্যাঁ, নাচের খেই হারালেই সলমন নাকি শরীর থেকে জামাটা খুলে ফেলেন, আর ব্যস! এক লহমায় গোটা লাইমলাইট চলে আসে ভাইজানের দিকে।

সলমনের এই অসামান্য প্রতিভার প্রশংসা করে বিন্দু জানান, কোনও রকম বিশেষ রিহার্সাল ছাড়াই সলমন চোখের পলকে যেকোনও কঠিন নাচের স্টেপ রপ্ত করে নিতে পারেন। বিন্দু বলেন, “সলমন যেন এলেন, দেখলেন আর জয় করলেন! ও শুধু জানতে চায় কী করতে হবে। ডান্স মাস্টার একবার স্টেপ দেখিয়ে দিলেই ও সোজা টেক দিতে চলে যায়। যেখানে বাকিরা প্রায় ২০ দিন ধরে মহড়া দেন, সেখানে সলমনের স্মৃতিশক্তি আর প্রতিভা সত্যিই ঈর্ষণীয়।”

স্মৃতির পাতা উলটে ‘মুঝসে শাদি করোগি’ ছবির শুটিংয়ের সময়ের একটি ঘটনার কথাও মনে করিয়ে দেন বিন্দু। সেসময় দিল্লিতে একটি লাইভ শো-তে পারফর্ম করার কথা ছিল সলমনের। লাঞ্চ ব্রেকে কোরিওগ্রাফার সলমনকে একটু রিহার্সাল করার অনুরোধ জানালে ভাইজান স্রেফ একবার পুরো নাচের সিকোয়েন্সটি দেখে নেন এবং বলেন ওখানেই হয়ে যাবে।

লাইভ পারফর্ম্যান্সের আগে সলমনের এমন ক্যাজুয়াল বা হালকা মনোভাব দেখে আকাশ থেকে পড়েছিলেন বিন্দু। কৌতুহল সামলাতে না পেরে তিনি জিজ্ঞেসই করে বসেন, “যদি স্টেপ ভুলে যাও, তখন কী হবে?” জবাবে সলমন হেসে বলেছিলেন, “তাহলে আমি শুধু শার্টটা খুলে ফেলব!” বিন্দুর কথায়, “এটাই হলেন সলমন খান, আর ঠিক এই কারণেই কোটি কোটি মানুষ তাঁকে এভাবে ভালোবাসে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *