কলম্বিয়ার কোহিনূর উইং ব্যাক মুনোজ়
প্রিমিয়ার লিগ যাঁরা ফলো করেন, তাঁরা জানেন, উইং ব্যাক পজিশনে কতটা বিধ্বংসী হতে পারেন কলম্বিয়ার এই ফুটবলার। অসম্ভব ক্ষিপ্রতায় চকিতে সবার অলক্ষ্যে বারবার উঠে আসেন অ্যাটাকে, অবিশ্বাস্য গতিতে পৌঁছে যান বিপক্ষ পেনাল্টি বক্সে, খুঁজে নেন গোলমুখ। ভালো উইং ব্যাক ওভারল্যাপ করবে, প্রত্যাশিত। কিন্তু স্ট্রাইকারদের ছাপিয়ে সে নিয়মিত গোলও করবে, এটা আধুনিক ফুটবলে যে ঘটতে পারে, দেখাচ্ছেন মুনোজ়। ডিআর কঙ্গো ম্যাচে বারবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছেন মুনোজ়, সেখানে অন্তত দু’বার গোলকিপারকে একা পেয়েও গোল আসেনি তারকা স্ট্রাইকার লুইস দিয়াসের। আগামী শনিবার পর্তুগাল ম্যাচে রোনাল্দোদের কোচ রবের্তো মার্তিনেস কী ভাবে মুনোজে়র এই চোরা গতি সামলান, তার দিকে নজর থাকবে ফুটবল দুনিয়ার।