ঘানার ডিফেন্সে আটকে গেল ইংল্যান্ড, ড্র করে লজ্জার নজির হ্যারি কেনদের
সুবর্ণ সুযোগ নষ্ট হ্যারি কেনের
এই ম্যাচে ইংল্যান্ড একাধিক সুযোগ তৈরি করলেও ম্যাচের সবচেয়ে বড় ও সহজ সুযোগ পেয়েছিলেন হ্যারি কেন। ৮৬ মিনিটে বুকায়ো সাকার দূরপাল্লার শট ফিরিয়ে দেন ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে। ফিরতি বলটা পান নিকো ও’রাইলি। তিনি হেড নিলেও সেটি ক্রসবারে লেগে ফিরে যায়। কিন্তু সেখানে বল লেগে ফের মাঠে গিয়ে পড়ে আর তা যায় হ্যারি কেনের পায়ে। প্রায় ফাঁকা গোল পেয়েও তিনি বল তিন কাঠিতে রাখতে পারলেন না। বল অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
ম্যাচে প্রায় ৭৯ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের পায়ে। তারা গোলের দিকে ১৯টি শট নিলেও মাত্র চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ঘানা মাত্র দুটো শট নেয়, যেখানে গোলে ছিল মাত্র একটি।
প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করতে পারেনি। ৩৭ মিনিটে ননি মাদুয়েকের পাস থেকে ডি-বক্সে হেড করেন ডেক্লান রাইস। কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর পুরো ম্যাচটাই ছিল ইংল্যান্ডের আক্রমণ ও ঘানার রক্ষণের।
৮৬ মিনিটে হ্যারি কেনের গোল মিস বাদ দিলে তার পরেও সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে এবেরেচি এজের ক্রস থেকে মার্ক গিয়েহি দুর্দান্ত হেডে বল জালের দিকে পাঠান। তবে গোললাইন থেকে অবিশ্বাস্য ক্লিয়ারেন্স করে ঘানার এক ডিফেন্ডার নিশ্চিত গোল বাঁচিয়ে দেন।
এই ড্রয়ের ফলে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এল’-এর শীর্ষেই রইল ইংল্যান্ড। ঘানাও একই পয়েন্টে রইল দ্বিতীয় স্থানে।