PM Rashtriya Bal Puraskar 2026: আপনার সন্তান কি প্রতিভাবান? তাহলে প্রধানমন্ত্রী ‘রাষ্ট্রীয় বাল পুরষ্কারের’ জন্য আবেদন করুন এখনই, রইল যাবতীয় তথ্য | Pm rashtriya bal puraskar 2026 nominations how to apply for india top childrens award by july 31
নয়াদিল্লি: সমাজ ও দেশের সামনে অনন্য নজির গড়া খুদে প্রতিভাদের সম্মান জানানোর কাজ শুরু করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর (PM Narendra Modi)। প্রতি বছরের মতো এবারও ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (PMRBP) ২০২৬’-এর মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার (Central Goverment)। দেশের ৫ থেকে ১৮ বছর বয়সী যেসব শিশু ও কিশোর-কিশোরী নিজেদের অসাধারণ মেধা ও কৃতিত্বের পরিচয় দিয়েছে, তাদের এই জাতীয় সম্মানে ভূষিত করা হবে। আগামী ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত এই পুরস্কারের জন্য আবেদন করা যাবে।
কী এই পুরষ্কার?
এটি ভারতের শিশুদের দেওয়া সর্বোচ্চ জাতীয় সম্মান। প্রতি বছর নয়া দিল্লির একটি বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি নিজে বিজয়ী শিশুদের হাতে এই পুরস্কার তুলে দেন।
কোন-কোন বিভাগে এই পুরষ্কার দেওয়া হয়?
মোট ৬টি বিশেষ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়ে থাকে:
-
বীরত্ব (Bravery): নিজের জীবন বাজি রেখে নিঃস্বার্থভাবে অন্যকে বাঁচানো, বা যে কোনও দুর্যোগের সময় চরম মানসিক দৃঢ়তা, এবং সাহসিকতার পরিচয় দেওয়া।
-
সমাজসেবা (Social Service): নারী, শিশু বা পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় সমাজকে অনুপ্রাণিত করা এবং নেতৃত্ব দেওয়া।
-
পরিবেশ (Environment): পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ করা।
-
খেলাধুলা (Sports): জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াক্ষেত্রে লাগাতার পারফরম্যান্স বজায় রাখা।
-
শিল্প ও সংস্কৃতি (Art & Culture): সংগীত (কণ্ঠ ও যন্ত্র), নৃত্য, চিত্রশিল্প বা সংস্কৃতির যে কোনও শাখায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অবদান রাখা।
-
বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology): এমন কোনও নতুন আবিষ্কার বা উদ্ভাবন (Innovation), যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে বা সমাজের কোনও বড় সমস্যার সমাধান করেছে।
একটি ঐতিহাসিক যোগসূত্র:
এই পুরস্কার অনুষ্ঠানটি প্রতি বছর ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজন করা হয়। গুরু গোবিন্দ সিং-এর (Guru Gobind Singh)
সাহিবজাদাদের ঐতিহাসিক আত্মত্যাগ এবং অদম্য সাহসকে স্মরণ করেই এই দিনটি পালিত হয়। এর মাধ্যমে ভারত সরকার দেশের বর্তমান প্রজন্মের প্রতিভাকে সম্মানিত করে।কীভাবে এই পুরষ্কারের জন্য আবেদন করা যায়?
আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
-
আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা ও নাগরিক হতে হবে।
-
৩১ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে।
-
এর আগে কোনও বার এই পুরস্কার পেয়ে থাকলে, তারা আর আবেদন করতে পারবে না।
-
যে ঘটনা বা কৃতিত্বের জন্য আবেদন করা হচ্ছে, সেটি ৩১ জুলাই, ২০২৬-এর পূর্ববর্তী ২ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
-
সাধারণত মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয় না, তবে বিশেষ পরিস্থিতিতে বাছাই কমিটি ছাড় দিতে পারে।
-
একজন শিশু একাধিক বিভাগের জন্য মনোনয়ন জমা দিতে পারে, তবে বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যে কোনও একটি বিভাগেই আবেদন গ্রাহ্য হবে।