Shiv Sena(UBT) Split: 'বাঘে'র কাছে ব্যর্থ উদ্ধব, আজই শিন্ডের শিবসেনায় যাচ্ছেন বিদ্রোহী ৬ সাংসদ | Shiv Sena (UBT) Split: Major Blow to Uddhav Thackeray as 6 Rebel MPs Set to Join Eknath Shinde Camp - 24 Ghanta Bangla News
Home

Shiv Sena(UBT) Split: ‘বাঘে’র কাছে ব্যর্থ উদ্ধব, আজই শিন্ডের শিবসেনায় যাচ্ছেন বিদ্রোহী ৬ সাংসদ | Shiv Sena (UBT) Split: Major Blow to Uddhav Thackeray as 6 Rebel MPs Set to Join Eknath Shinde Camp

Spread the love

মুম্বই: ব্যর্থ উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। ফের একবার জিতে গেলেন একনাথ শিন্ডে। শিবসেনা(ইউবিটি)-তে ভাঙন নিশ্চিত। আজ, সোমবারই শিবসেনা (ইউবিটি)(Shiv Sena UBT)-র ছয় সাংসদ একনাথ শিন্ডে (Eknath Shinde)-র শিবসেনার সঙ্গে মিশে যেতে পারে। দুপুর তিনটে নাগাদ আনুষ্ঠানিকভাবে এই মার্জার বা এক হওয়ার ঘোষণা করা হবে। এমনটাই সূত্রের খবর।

অপারেশন টাইগার-

মহারাষ্ট্রে সফল “অপারেশন টাইগার”। না, একথা আমরা বলছি না। বলছেন শিবসেনা ও বিজেপি নেতারাই। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিজের মুখেই  এই কথা স্বীকার করেছেন। আজ উদ্ধব ঠাকরের শিবসেনার ছয় জন সাংসদ মিশে যেতে পারেন একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে। এক্ষেত্রেও তাদের হাতিয়ার দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা। এর বলেই দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচার পরিকল্পনা বিদ্রোহী সাংসদদের।

এদিকে উদ্ধব ঠাকরে এত কিছুর পরও হার মানার পাত্র নন। জানা গিয়েছে, আজ দুপুরে তিনি শিবসেনা (ইউবিটি)-র সমস্ত বিধায়ক ও বিধান পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন। সোমবার থেকেই মহারাষ্ট্রে শুরু বিধানসভার বাদল অধিবেশন। সেখানে দলকে একজোট রাখারই চেষ্টা। বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, এই বৈঠকেই ঘোষণা করতে পারেন।

কারা কারা শিবির বদল করছেন?

শিবসেনা(ইউবিটি)-র মোট নয়জন লোকসভা সাংসদ আছে। এর মধ্যে সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, ভাউসাহেব ওয়াকচুরে, নাগেশ পাটিল, ওম প্রকাশ রাজে নিম্বলকর- এই ছয় সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন। গতকালই সাংবাদিক বৈঠক করে হিঙ্গোলির সাংসদ নাগেশ পাটিল বলেন যে ১৮ জুনের পর তাদের বিরুদ্ধে দলের তরফে যে মন্তব্য করা হয়েছে, তাতে উদ্ধব ঠাকরের কাছে ফেরার মন উঠে গিয়েছে। তার আগে অবধি তারা কোনও সিদ্ধান্ত নেননি এবং শিবির বদল করতেও চাননি।

ওই সাংসদ জানান যে শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে বা  দলের সাংসদ সঞ্জয় রাউতের উপরে কোনও রাগ নেই। তারা নিজেদের আদর্শও ভাঙেনি, তারা শুধু এক শিবসেনা থেকে আরেক শিবসেনায় চলে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *