Made In India: শত্রুদের ঘুম ওড়াবে তিন রণতরী, বৈশিষ্ট্য জানেন?
এ বার আরও শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। রবিবার কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে তিনটি নতুন যুদ্ধ জাহাজের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন তিন রণতরী— INS দুনগিরি (INS Dunagiri), INS সংশোধক (INS Sanshodhak) এবং INS অগ্রয় (INS Agray)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই তিনটি যুদ্ধ জাহাজ দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এক নজরে দেখে নিন এই তিন রণতরী বৈশিষ্ট্য—
INS দুনাগিরি (INS Dunagiri)
এটি প্রজেক্ট ১৭এ স্টিলথ ফ্রিগেট যুদ্ধ জাহাজ। INS Dunagiri উন্নত মানের অস্ত্র ও সেন্সরে সজ্জিত। এতে ব্রহ্মোস সারফেস-টু-সারফেস মিসাইল এবং মাঝারি পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম রয়েছে। INS Dunagiri নৌবাহিনীর ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের মতে।
INS সংশোধক (INS Sanshodhak)
এই যুদ্ধ জাহাজ মূলত ভারতীয় নৌবাহিনীর যে কোনও সমীক্ষায় সাহায্য করবে। এটি সমুদ্রের উপকূল ও গভীর জলের হাইড্রোগ্রাফিক সার্ভে করার জন্য তৈরি করা হয়েছে। INS Sanshodhak মূলত প্রতিরক্ষা এবং বেসামরিক কাজের জন্য সমুদ্রের গভীরের নানা তথ্য সংগ্রহ করবে। এই যুদ্ধ দাহাজ ‘সন্ধ্যায়ক’ (Sandhayak) শ্রেণির চতুর্থ ও চূড়ান্ত জাহাজ।
INS অগ্রয় (INS Agray)
এটি অর্নালা-ক্লাসের অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ জাহাজ। এটি অগভীর জলেও যুদ্ধের জন্য তৈরি। এই ছোট যুদ্ধ জাহাজে হালকা ওজনের টর্পেডো, দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট লঞ্চার সিস্টেম রয়েছে। INS Agray উপকূলে লুকিয়ে থাকা শত্রুপক্ষের ডুবোজাহাজ সহজে ধ্বংস করতে সক্ষম।
এই তিনটে যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে (GRSE)। ভারতীয় নৌবাহিনীর নিজস্ব ‘ওয়ারশিপ ডিজ়াইন ব্যুরো’ ডিজ়াইন করেছে জাহাজগুলির। তিনটি রণতরীর ৭৫ শতাংশেরও বেশি অংশ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি তৈরিতে ভারতের ২০০টিরও বেশি ছোট ও মাঝারি শিল্প সংস্থা (MSME) অংশ নিয়েছিল।