দুর্নীতির অভিযোগ, বনগাঁ ও বাগদা থেকে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন অসিত মণ্ডল। ২০২৩ পর্যন্ত তিনি ওই পদে আসীন ছিলেন। ২০২৩–এর পঞ্চায়েত নির্বাচনের পরে তিনি উপপ্রধান হন। এখনও তিনি উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রধান থাকাকালীন গ্রামীণ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে বহু মানুষের কাছ থেকে তিনি বিপুল টাকা কাটমানি নিয়েছেন। শুধু তাই নয়, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে টাকার বিনিময়ে সেই ঘর অন্য কারও হাতে তুলে দিয়েছেন। এতদিন তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলতে না পারলেও সম্প্রতি রাজ্যে পালাবদলের পরে অনেকেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আবাসের দুর্নীতি নিয়ে গত ১২ জুন বাগদা থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। তার আগে থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ জানিয়েছে, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ।