Humayun Kabir Criticises Abhishek Banerjee: ‘বাপরে! কেউ কি বারণ করবেন?’, অভিষেককে খোঁচা দিয়ে এবার কী বললেন তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক? | Abhishek Banerjee’s Chartered Flight Row Deepens: Former TMC MLA Humayun Kabir Takes a Swipe
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়া নিয়ে এবার খোঁচা প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরেরImage Credit: TV9 Bangla
কলকাতা ও মুর্শিদাবাদ: দল ক্ষমতা হারিয়েছে। তাসের ঘরে মতো দল ভাঙছেও। এই পরিস্থিতিতে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন নেতারা। আবার অভিষেকের চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়া নিয়েও বিতর্ক বাড়ছে। তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠছে। এবার দলের সেকেন্ড ইন কম্যান্ডকে খোঁচা দিলেন ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন হুমায়ুন কবীর?
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর লেখেন, ‘সাধারণ সমর্থকরা কেস লড়ার টাকা জোগাড় করতে জমি বন্ধক থেকে ঘটি-বাটি বিক্রি করে দিচ্ছে। আর নেতা চার্টার্ড বিমানে দিল্লি!’ এরপর দুটি বিস্ময়ের ইমোজি দিয়ে হুমায়ুন কবীর লিখেছেন, ‘একবার যাতায়াতে খরচ ৩৫ লাখ টাকা।’ ফের দুটি বিস্ময়ের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাপরে!!’ শেষে ফের খোঁচা দিয়ে লিখেছেন, ‘কেউ কি বারণ করবেন?’
একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে জিতেছিলেন হুমায়ুন কবীর। ছাব্বিশের নির্বাচনে মুর্শিদাবাদের ডোমকল থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন। তবে পরাজিত হন। এবার সেই হুমায়ুনও চার্টার্ড ফ্লাইটে একবার যাতায়াতে কত খরচ, সেকথা তুলে অভিষেককে খোঁচা দিলেন।
প্রসঙ্গত, গতকাল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের জন্য দিল্লি যান অভিষেক। তাঁর চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে গত ৬ জুনও চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তাঁর চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়া নিয়ে গতকাল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছিলেন, “অভিষেক যদি দলের টাকায় চার্টার্ড ফ্লাইটে দিল্লি যান, তবে আমি তা কোনওমতেই সমর্থন করি না।” আবার তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও খোঁচা দেন অভিষেককে। ঋতব্রত বলেন, “ওঁর বাহন চার্টার্ড ফ্লাইট। সেই বাহনে চেপেছেন। আমি তো এতটুকু অবাক হচ্ছি না। কারণ, ওঁর ঔদ্ধত্য এতটুকু কমেনি।” অভিষেককে কটাক্ষ করেছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষও।
দলে ও বাইরে কটাক্ষের মুখে পড়ে গতকাল এই নিয়ে অভিষেক বলেছিলেন, “যাঁরা বলছেন আমি কীসে আসছি, কীসে যাচ্ছি, কোথায় নামছি, তাঁরা যদি লিখিত দিয়ে দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমিকস ক্লাসে যাবে। আমার লিগাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে, আমি তার বিরুদ্ধে বলব না।”