Sourav Ganguly: ‘নিরন্তর আমার মর্যাদাহানির চেষ্টা করছে’, পুলিশে অভিযোগ দায়ের সৌরভের | Sourav Ganguly Files Police Complaint Over Fake Facebook Posts Defaming Him
কলকাতা: তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এর জেরে তাঁর মর্যাদাহানি হচ্ছে। এই নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করলেন তিনি। তাঁর অভিযোগ, ফেসবুকে একটি পেজ থেকে তাঁকে নিয়ে বিভিন্ন মিথ্যা খবর রটানো হয়। যিনি কিংবা যাঁরা ওই ফেসবুক পেজটি পরিচালনা করেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সৌরভ।
থানায় কী অভিযোগ করলেন সৌরভ?
‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস’ নামে ফেসবুকে একটি পেজ রয়েছে। ওই ফেসবুজ পেজের বিরুদ্ধে নিজের অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, ‘নিরন্তর আমার মর্যাদাহানির চেষ্টা করছে। এবং জনগণের মধ্যে আমার সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে।’ তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, সেকথা উল্লেখ করে সৌরভ লিখেছেন, ‘বিশ্বজুড়ে আমার লক্ষ লক্ষ অনুগামী রয়েছে। এই ধরনের কনটেন্ট শেয়ার করে আমার ব্যক্তিগত এবং পেশাগত মর্যাদার ক্ষতি করছে এই ফেসবুজ পেজটি। তাই, এই ফেসবুজ পেজ যিনি কিংবা যাঁরা অপারেট করছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হোক।’
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আর যাতে তাঁর মর্যাদাহানি করতে না পারে, সেজন্য দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন সৌরভ। অভিযোগপত্রে নিজের সইয়ের নিচে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বলে উল্লেখ করেছেন তিনি।
ওই ফেসবুক পেজ থেকে একটি কনটেন্ট পোস্টে বলা হয়, সৌরভের বাড়িতে হানা দিয়েছে ইডি। তবে সৌরভ অভিযোগ দায়ের করার পর ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় এভাবে খ্যাতনামাদের নিয়ে নানা ভুয়ো পোস্ট করা হয়। সেই পোস্টের উদ্দেশ্য কী, সেটা খতিয়ে দেখা দরকার। সৌরভের অভিযোগ পাওয়ার পর পুলিশ কী পদক্ষেপ করে, সেটাই দেখার।