Deepika- Ranveer daughter: দামি গাড়ি নয়, মেট্রো-অটো চড়েই ঘোরে দীপিকা-রণবীরের মেয়ে দুয়া! | Deepika Padukone and Ranveer Singh are hands on parents to daughter Dua, reveals Prakash Padukone
শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সঙ্গে ‘কিং’ ছবির মেগা শিডিউল শেষ করে দীপিকা পাড়ুকোন সম্প্রতি দেশে ফিরেছেন। এমনিতেই দীপিকা ও রণবীর সিংয়ের দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবরে নেটপাড়া সরগরম। তার ওপর এবার এই হাই-প্রোফাইল তারকা দম্পতির ঘরের ভেতরের এক খবর ফাঁস করলেন খোদ দীপিকার বাবা, লেজেন্ডারি ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। রুপোলি পর্দার এই সুপারস্টাররা আসলে ব্যক্তিগত জীবনে ঠিক কেমন মা-বাবা? আর তাঁদের একরত্তি মেয়ে দুয়া-ই বা কেমন স্বভাবের? সবটা নিয়ে এক্কেবারে অকপট দাদু।
সাধারণত দেখা যায়, বড় বড় তারকাদের ছেলেমেয়েরা জন্ম থেকেই এক অদ্ভুত ‘প্রিভিলেজড’ বলয়ে বড় হয়। সাধারণ মানুষের রোজনামচা দেখার সুযোগ তাদের প্রায় হয়ই না। কিন্তু দুয়া পাড়ুকোন সিংয়ের ক্ষেত্রে গল্পটা পুরো উল্টো। প্রকাশবাবু জানিয়েছেন, তারকা সন্তান হলেও দুয়াকে একদম মাটির কাছাকাছি, সাধারণ মানুষের ভিড়েই বড় করা হচ্ছে। আর এই কাজে দাদুর ভূমিকা সুপারহিট! নাতনিকে নিয়ে তিনি মাঝেমধ্যেই সটান চড়ে বসেন অটো রিকশা কিংবা মেট্রোতে। বিকেল হলেই দুয়ার গন্তব্য লোকাল পার্ক, যেখানে আর পাঁচটা সাধারণ বাচ্চার সঙ্গে ও খেলে বেড়ায়। ক্যাম্প স্টেশনের কাছাকাছি বাড়ি হওয়ায় ছুটে চলা ট্রেন দেখার এক অদ্ভুত ভালোলাগা রয়েছে পুচকে দুয়ার।
মেয়ের দেখভালের ক্ষেত্রে দীপিকা ও রণবীর যে কতটা পারফেক্ট, সেই সার্টিফিকেটও দিয়েছেন প্রকাশ পাড়ুকোন। তাঁর মতে, দুজনেই এক্কেবারে ‘হ্যান্ডস-অন পেরেন্টস’। আয়া বা গৃহসহায়কদের ওপর বাচ্চার দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা একেবরেই নিশ্চিন্তে বসে থাকেননা তাঁরা। প্রকাশবাবুর কথায়, “দীপিকা ডেফিনেটলি অনেকটা বেশি দায়িত্ব সামলায়, তবে রণবীরও শুটিংয়ের বাইরে যখনই ব্রেক পায়, ও পুরো দমে লেগে পড়ে।” আগেকার দিনে দাদু-দিদিমারা কেন নাতনি বা নাতিদের নিয়ে এত বেশি ইমোশনাল থাকতেন, সেটা আগে বুঝতেন না প্রকাশবাবু। কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুয়া কোলে আসার পর সেই অনুভুতিটা এখন তিনিও প্রতি মুহূর্তে উপভোগ করছেন। তিনি বলেছেন, “দুয়া দারুণ মিশুকে একটা বাচ্চা, চেনা-অজানা সবাইকে মিষ্টি করে ‘হ্যালো’ বলা তার চাই-ই চাই।”
২০১৮ সালে ইতালির লেক কোমোতে রূপকথার মত বিয়ে সারেন বলিউডের এই পাওয়ার কাপল। গত বছর দীপাবলিতে সোশাল মিডিয়ায় মেয়ের নাম ‘দুয়া’ (যার অর্থ প্রার্থনা) শেয়ার করেছিলেন তাঁরা। বর্তমানে অল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির ‘রাকা’ এবং রণবীরের জম্বি অ্যাডভেঞ্চার ফিল্ম ‘প্রলয়’-এর অপেক্ষায় ভক্তরা।