PM Modi: AI-র অগ্রগতিতে কি কর্মসংস্থান কমবে? প্যারিসের মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মোদী – Bengali News | ‘Work does not disappear due to technology’, says PM Narendra Modi on fear of job loss due to AI
প্যারিসে এআই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্যারিস: বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার। এআই-ক্ষেত্রে বিশ্বগুরু হয়ে উঠছে ভারত। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই-এর ব্যাপক প্রশংসা করলেন। এআই চালিত ভবিষ্যতের জন্য মানুষের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগের আহ্বান জানালেন তিনি। একইসঙ্গে এআই নিয়ে কিছুটা সতর্কও করলেন তিনি। প্যারিসের ওই সম্মেলন থেকেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন, পরবর্তী আন্তর্জাতিক এআই সামিটের আয়োজন করবে ভারত।
এআই আসার ফলে কর্মসংস্থান কি কমবে? বিশ্বজুড়েই এই প্রশ্ন উঠছে। এই নিয়ে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ইতিহাস বলছে, প্রযুক্তির জন্য কাজ কখনও হারিয়ে যায় না। এর ধরন বদলে যায়। সেজন্যই এআই চালিত ভবিষ্যতের জন্য মানুষের দক্ষতা বৃদ্ধিতে আমাদের বিনিয়োগ করতে হবে।”
প্যারিসে এই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, চিনের উপপ্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বের নানা দেশের প্রতিনিধিরা ছিলেন। সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পক্ষপাতমুক্ত মানসম্পন্ন ডেটা সেন্টার তৈরি করতে হবে। আমাদের এমন ওপেন সোর্স সিস্টেম তৈরি করতে হবে যা বিশ্বাস ও স্বচ্ছতা বৃদ্ধি করবে।” মানুষের কাজে লাগবে, এমনভাবে প্রযুক্তিকে তৈরি করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এআইয়ের সুবিধা যাতে সবাই পান, সেদিকে জোর দেওয়ার কথাও বলেন।
এই খবরটিও পড়ুন
সাইবার সুরক্ষা, ভুল তথ্য ও ডিপফেক নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন মোদী। এআই ব্যবহারে সাবধানতার কথা উল্লেখ করে তিনি বলেন, “একটি এআই অ্যাপে যদি আপনার মেডিক্যাল রিপোর্ট আপলোড করেন, তাহলে তা সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারবে। আবার আপনি যদি ওই একই অ্যাপকে বাঁ হাতে লেখেন এমন কারও ছবি আঁকতে বলেন, তাহলে ওই অ্যাপটি বেশিরভাগ ক্ষেত্রে ডান হাতে লেখা কারও ছবি আঁকবে।”
এদিন প্রধানমন্ত্রী আরও জানান, ভারত তার নিজস্ব লার্জ ভাষা মডেল (LLM) তৈরি করছে। তিনি বলেন, ভারতের বৈচিত্র্যের কথা মাথায় রেখেই এই LLM তৈরি করা হচ্ছে।
