Nestle India: খনিজের পর এবার ম্যাগির পকেটে পোকা? চাপের মুখে কী জানাল প্রস্তুতকারক সংস্থা? | Nestle India Rejects Maggi Noodles Infestation Claims, Submits Lab Reports to FSSAI - 24 Ghanta Bangla News
Home

Nestle India: খনিজের পর এবার ম্যাগির পকেটে পোকা? চাপের মুখে কী জানাল প্রস্তুতকারক সংস্থা? | Nestle India Rejects Maggi Noodles Infestation Claims, Submits Lab Reports to FSSAI

Spread the love

কলকাতা : বছর দশেক আগে একের পর এক অভিযোগ উঠেছিল নেসলেকে (Nestle) নিয়ে। এমনকি নেসলের ম্যাগিতে (Maggie) যে খনিজ পদার্থ আছে, তা নিয়ে বেশ কয়েক বছর আগে গুরুতর অভিযোগ উঠেছিল দেশজুড়ে। বন্ধ হয়ে গিয়েছিল ম্যাগির বিক্রি। যদিও, পরে আবার বিক্রি শুরু হয় ম্যাগির। তবে এবার আবার নতুন অভিযোগের শিকার ম্যাগি। তাদের প্যাকেটে পোকা পাওয়া গিয়েছে বলে সমাজমাধ্যমে অভিযোগ করা হয়। যদিও ম্যাগি নুডলসের প্যাকেটে পোকা থাকার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ম্যাগির প্রস্তুতকারক সংস্থা নেসলে ইন্ডিয়া (Nestle India)। শনিবার এফএমসিজি (FMCG) জায়ান্ট ওই সংস্থা এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।

গত ১২ জুন প্রকাশিত একটি মিডিয়ার রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেশের দুই প্রধান শেয়ার বাজার – ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ও বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) নেসলের কাছে ব্যাখ্যা চেয়েছিল। তারই জবাবে কোম্পানি একটি বিবৃতি জানায়। নেসলে বলেছে,“ম্যাগির সমস্ত প্রোডাক্ট খাদ্য সুরক্ষার সব নিয়ম মেনেই তৈরী।” নেসলে জানিয়েছে, “এক্স হ্যান্ডলে একটি আনভেরিফায়েড অ্যাকাউন্টে এই অভিযোগ তোলা হয়। এখানে একটি অ্যাকাউন্টের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে নেসলে ম্যাগির প্যাকেটে নাকি পোকা রয়েছে। আমরা নিজস্ব ল্যাবে প্রতিটি প্যাকেট পরীক্ষা করি ও তারপরই সেই প্যাকেট জনসমক্ষে আনি।”

কোম্পানি এও জানিয়েছে, অভিযোগ ওঠার পর নিয়ম মেনে ওই নির্দিষ্ট ব্যাচের প্রতিটি প্যাকেট ও বাজার থেকে পাওয়া নমুনার গুণগত মান বিচার করেছিল নেসলে। প্রতিটি ল্যাব টেস্টেই বলা হয়েছে যে ম্যাগির মান একদম ঠিক আছে। নেসলে ইন্ডিয়া জানিয়েছে, তারা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু কোনওভাবে সফল হয়নি কারন ওই অভিযোগকারীর অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না।  ইতিমধ্যেই এই বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য, নথি ও ল্যাব টেস্টের রিপোর্ট দেশের খাদ্য নিয়ামক সংস্থা FSSAI-এর কাছে জমা দিয়েছে কোম্পানি। নেসলে আশাবাদী যে, তাদের যাবতীয় ল্যাব টেস্টের যাবতীয় প্রমান সঠিক প্রমানিত হবে ও সব তথ্যাদি পরীক্ষা করে নেসলের ম্যাগিকে ক্লিনচিট দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *