ICC T20 World Cup 2026, IND vs PAK: ‘যার কাছে খুশি হারো, পাকিস্তানের কাছে নয়…’ রবিবারের মহারণের আগে প্রত্যয়ী জেমাইমা! | Jemimah Rodrigues Shares Epic Conversation with Society Security Guard Ahead of Ind vs Pak World Cup Clash!
বার্মিংহ্যাম : আগামীকাল, রবিবার বার্মিংহ্যামের মহারণে নামতে চলেছে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ (T20 World Cup 2026) এই ম্যাচ দিয়ে নিজেদের কাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। দুটি গ্ৰুপে ভাগ করা হয়েছে মোট ১২টি দলকে। গ্ৰুপ এ-তে রয়েছে ভারত। তবে এই ম্যাচের আগে ভারত বনাম পাক ম্যাচের বাড়তি চাপ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ব্যাটার জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues)।
তাঁর কথায়, এই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ের প্রত্যাশা অন্য যেকোনও ম্যাচের চেয়ে সম্পূর্ণ আলাদা। সেই সঙ্গে, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আমরা বাড়তি চাপ অনুভব করি। আমার মনে আছে, আমি যখন প্রথম ভারত-পাক ম্যাচ খেলেছিলাম, তখন হরমন দিদি (হরমনপ্রীত কৌর) আমাদের বলেছিলেন,”একথা অস্বীকার করে লাভ নেই যে এই ম্যাচের চাপ আলাদা। আমরা ভারত ও পাকিস্তানের ইতিহাস জানি এবং আমরা এও জানি যে, সমর্থকরা আমাদের থেকে কী প্রত্যাশা করেন।” জানান জেমাইমা।
তিনি এও বলেন যে তাঁর বিল্ডিং-এর নিরাপত্তারক্ষী নাকি এই ম্যাচ জেতার অনুরোধ করেছেন। “আমার বিল্ডিং-য়ের নিরাপত্তারক্ষী বলেন, যার কাছে খুশি হেরে যাও, পাকিস্তানের কাছে হারা চলবে না। সাধারণ মানুষ এমন চাপ দেন কারণ তাঁরা এই ম্যাচ উপভোগ করেন। তাঁরা ক্রিকেটকে ভালবাসেন।”
জেমাইমা বলেন,”ট্রফিটাকে হাতে তোলাই লক্ষ্য আমাদের। আমরা ট্রফি তোলার দৃশ্য কল্পনা করতে ভালবাসি। আমাদের বিশ্বাস, আমরা নির্দিষ্ট দিশায় এগোব। অতীতে, ২০২৫ বিশ্বকাপেও আমরা এই জিনিসটাই করে এসেছি। অমল স্যার (মজুমদার) এখানেও তাই করাচ্ছেন। আমরা নিজেদের ভাল খেলা নিয়ে আশাবাদী।”
গত ১২ জুন থেকে শুরু হয়েছে বিশ্বকাপ। দলবে ৫ জুলাই পর্যন্ত। গ্ৰুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও বাংলাদেশ। মোট ৭টি স্টেডিয়ামে খেলা হচ্ছে বিশ্বকাপ। ৫ জুলাই, ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে ফাইনাল। তবে ২০২৪ সালে এই বিশ্বকাপ জিতেছিল নিউজিল্যান্ড। এই বার আদৌ ভারত বিশ্বকাপ পায় কি না, সেদিকে নজর থাকবে সমর্থকদের।