FIFA World Cup 2026, USA vs PAR : একগাদা অভিযোগ সামলেও দুরন্ত আমেরিকা, গতির কাছেই হার প্যারাগুয়ের! | USA Dominates Paraguay 4 1 to Begin Campaign with a Stunning Performance - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026, USA vs PAR : একগাদা অভিযোগ সামলেও দুরন্ত আমেরিকা, গতির কাছেই হার প্যারাগুয়ের! | USA Dominates Paraguay 4 1 to Begin Campaign with a Stunning Performance

Spread the love

গোল করার পর উচ্ছ্বাস আমেরিকার ফুটবলারদের।Image Credit: Getty Images

আমেরিকা – ৪ (বোবাডিলা আত্মঘাতী, বালোগুণ ২, রেইনা) : প্যারাগুয়ে – ১ (মরিসিও)

আমেরিকা : যবে থেকে বিশ্বকাপ (FIFA World Cup 2026) আয়োজন শুরু হয়েছে, তবে থেকে একের পর এক বিতর্ক ঘিরে ধরেছে আয়োজক দেশ আমেরিকাকে (United States of America)। ইরাক দলের ক্যাপ্টেনকে ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদ হোক বা ইরানের দলকে দেশ ছাড়ার নির্দেশ। বিশ্বকাপের বল মাঠে গড়ানোর আগেই একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছে ট্রাম্পের (Donald Trump) দেশ। তবে প্রথম ম্যাচে এসব কোনও কিছুই যেন ছুঁতে পারল না আমেরিকার ফুটবল দলকে। নিজেদের প্রথম ম্যাচেই দেশবাসীকে ঝলমলে ফুটবল উপহার পোচেত্তিনোর (Mauricio Pochettino) ছেলেদের। ফল? প্যারাগুয়েকে (Paraguay) ৪-১ উড়িয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল আমেরিকা।

ম্যাচের প্রথম থেকেই লড়াই শুরু করে আমেরিকা। তাদের ক্রমাগত সাঁড়াশি আক্রমণে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল প্যারাগুয়ে। তবে ৭ মিনিটেই প্যারাগুয়ের ডেমিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আমেরিকা। এর পর আবার আক্রমণের ঝড় তোলেন পুলিসিচরা। ৩১ মিনিটে পুলিসিচের বাড়ানো বল নিয়ে ডান পায়ের দুরন্ত ফিনিশে আমেরিকাকে ২-০ এগিয়ে দেন ফ্লোরিয়ান বালোগুণ। প্রথমার্ধের শেষ লগ্নে মালিক টিলম্যানের বল বাঁ পায়ের শটে প্যারাগুয়ের জালে ঢুকিয়ে দেন বালোগুণ। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় আমেরিকা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রবল চেষ্টা করেছিল প্যারাগুয়ে। ৭৩ মিনিটে গোলের ব্যবধান কমান প্যারাগুয়ের মরিসিও। তবে দ্বিতীয়ার্ধে প্রায় ৭ মিনিট অতিরিক্ত দেন রেফারি। তার মধ্যেই আবার আমেরিকার হয়ে এক গোল করে দেন জিওভানি রেইনা। ৯০+৮ মিনিটে করা রেইনার গোলে ৪-১ জিতে মাঠ ছাড়ল আমেরিকা।

প্রায় ১৬ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে নামল প্যারাগুয়ে। অতীতে ২০১০ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিল ল্যাটিন আমেরিকার এই দেশটি। তবে এই ম্যাচে আমেরিকার টানা আক্রমণের কাছে বারবার থমকে গিয়েছে প্যারাগুয়ে। যদিও এর আগের ম্যাচে কানাডার বিরুদ্ধে ১-১ ড্র করেছে বসনিয়া-হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচ কর্নার থেকে আসা হেডে এগিয়ে দেন বসনিয়াকে। ৭৮ মিনিটে গোল শোধ করে দেন কাইল লারিন। এর পরেও বেশ কিছু সুযোগ পেয়েছিল কানাডা ও বসনিয়া, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় দুই দলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *