FIFA World Cup 2026, BRA vs MAR : '৯৪ এর স্মৃতি সামলে আজ বিশ্বকাপে ব্রাজিল, কেমন হবে সেলেকাওদের সম্ভাব্য একাদশ? | Brazil’s Shocking Starting XI vs Morocco in World Cup 2026 Opener - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026, BRA vs MAR : ‘৯৪ এর স্মৃতি সামলে আজ বিশ্বকাপে ব্রাজিল, কেমন হবে সেলেকাওদের সম্ভাব্য একাদশ? | Brazil’s Shocking Starting XI vs Morocco in World Cup 2026 Opener

Spread the love

আমেরিকা: চার বছর… এই চার বছরে কত কী বদলে যায়। দুনিয়া কত এগিয়ে যায়… কিন্তু বদলায় না একটা জিনিস। বিশ্বকাপ এলেই কলকাতা শহরের রং বদলে যাওয়া। গোটা শহর যেন ভাগ হয়ে যায় তিন ভাগে, ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল। সে এখন যতই কিলিয়ান এমবাপে, লামিন ইয়ামালরা সেই ভালবাসায় ভাগ বসাতে আসুন না কেন, দুর্গাপুজো মানেই যেমন নর্থ কলকাতার সাবেকিয়ানা, তেমনই বিশ্বকাপ ফুটবল মানেই কলকাতার রং হলুদ-সবুজ বা নীল-সাদা বা লাল। এই বছরেও তার অন্যথা হয়নি। গোটা শহর মুড়ে গিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের পতাকায়। দেওয়ালে দেওয়ালে আঁকা হয়েছে নেইমার জুনিয়র, লিও মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যুরাল। রাস্তায় উপরে টাঙানো হয়েছে ইয়াব্বড় পতাকা। যে পতাকা আগামী দেড়মাস উজ্জ্বল থাকবে এভাবেই।

এমনই এক রবি রাতে বিশ্বকাপ ২০২৬ এ নিজেদের প্রথম ম্যাচে নামতে চলেছে ব্রাজিল। পেলের ব্রাজিল, রোনাল্ডোর ব্রাজিল, রোনাল্ডিনহো-কাকার ব্রাজিল, কার্লো আন্সেলোত্তির ব্রাজিল, নেইমার জুনিয়রের ব্রাজিল, ভিনি-রাফিনহা জুটির ব্রাজিল। যে ব্রাজিল ২০০২ সালের পর বিশ্বকাপ জেতেনি, কিন্তু তবুও একটুও ফিকে হয়নি যার পতাকার রং। ১% ও কমেনি যার সমর্থন, উল্টে এই ইউরোপীয় ফুটবলের বিশ্বায়নের চক্করে বেড়েছে। আজ নেইমারের দেশের বিরুদ্ধে খেলবে মরক্কো, যে মরক্কো গত বিশ্বকাপে চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে তারা খেলেছিল সেমিফাইনাল। নক আউট পর্বে হারিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে। ম্যাচের পর রোনাল্ডোর কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়া তো এখনও ফুটবলবিশ্ব ভোলেনি। এই মরক্কোর বিরুদ্ধে আজ (ভারতীয় সময় আগামীকাল রাত) কাপ অভিযানে নামছে ব্রাজিল।

ম্যাচ শুরুর আগে চর্চায় একজনই। নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। যা শোনা গিয়েছে, প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই নামতে হবে সেলেকাওদের। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ‘ডন কার্লো’-রও এটি ব্রাজিলের কোচ হিসেবে প্রথম ম্যাচ। তবে কেমন হতে পারে নেইমারহীন ব্রাজিলের প্রথম একাদশ? যা শোনা গিয়েছে দলে থাকবেন, কিপার হিসেবে অ্যালিসন, চার ডিফেন্ডার হলেন ড্যানিলো (রাইট ব্যাক), স্যান্ড্রো (লেফট ব্যাক), দুই সেন্ট্রাল ব্যাক থাকবেন গ্যাব্রিয়েল মার্গেলহাস, মার্কুইনহোস। মাঝমাঠে থাকবেন ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা। দুই উইং সামলাবেন রাফিনহা ও ভিনি জুনিয়র। ফরোয়ার্ডে ম্যাথেউজ কুনহা। এর মধ্যে যদি বিপক্ষ চাপ বাড়ায়, তাহলে ৪-২-৩-১ থেকে ব্রাজিল দল চলে যাবে ৪-৪-২ ফর্মেশনে। যেখানে আরও বেশি করে আক্রমণে যাওয়ার সুযোগ পাবেন ভিনি-রাফিনহারা। উল্টো দিকে শোনা গিয়েছে চিরাচরিত ৪-৪-৩ ফর্মেশনে নামবে মরক্কো। দলে থাকবেন পিএসজি-র রাইট ব্যাক আশরাফ হাকিমী ও উইং সামলাবেন রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ। সেন্টার ফরোয়ার্ড হিসেবে থাকবেন সাইবারি। গোলে সেই ইয়াসিন বোনু, যাঁর গোলকিপিং দক্ষতায় মুগ্ধ হয়ে গিয়েছিল কাতার-সহ গোটা বিশ্ব।

গ্ৰুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। এই গ্ৰুপে মরক্কো ছাড়াও হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচে নেইমার খেলেন কি না, সেই দিকে যেমন নজর থাকবে দর্শকদের, তেমনই এই বিশ্বকাপ যেন ব্রাজিলের ঘরেই ফেরে, ‘মিশন হেক্সা’ যেন সম্পন্ন হয়, সেটাও চান দর্শকরা। শেষবার যখন আমেরিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল,  এই দেশেই  যে বিশ্বকাপ (১৯৯৪) পেয়েছিলেন কাফু-রোনাল্ডোরা, ভুলে গেলে চলবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *