দারুণ কাজ, বিধায়ক রুদ্রনীলের গালে চুমু মুনমুন সেনের, কোথায় ঘটল এমন? | What did moonmoon sen say to rudranil ghosh
রুদ্রনীল ঘোষের নতুন ছবি ‘হাওয়া বদল’ মুক্তি পেয়েছে। সেই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মুনমুন সেন। এই ছবিতে রাইমা সেন কাজ করেছেন। তবে রুদ্রনীলের সঙ্গে জুটি বেঁধেছেন অনুষা বিশ্বনাথন।
ছবি দেখার পর মুনমুন রুদ্রনীলকে পাশে নিয়ে বললেন, ”ওঁকে আগেই আমি বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা। রুদ্রনীল পুরো শরীর ব্যবহার করে অভিনয় করে। ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে। এমন হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না। কিন্তু ওঁর হাত ঠিক কাঁপবে (সেভাবেই রুদ্রনীল চরিত্রটার আবেগ বুঝিয়ে দেন, সেটাই বলতে চেয়েছেন মুনমুন)। রুদ্রনীল যখন গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, ওঁর গলার শিরায় সেটা ফুটে ওঠে।” রুদ্রনীলের এমন কাজ দেখে আপ্লুত হয়ে, তাঁর গালে চুমু খান মুনমুন।
এরপরই মুনমুনকে নিয়ে রুদ্রনীলের কী ভাবনা, তা জিজ্ঞাসা করা হয় অভিনেতাকে। রুদ্রনীলকে অবশ্য উত্তর দিতে দেননি মুনমুন। মজা করে বিধায়কের মুখ চেপে ধরেন অভিনেত্রী। তাতে রুদ্রনীল মজা পান এবং হাসেন। সব মিলিয়ে মনে রাখার মতো একটা মুহূর্ত।
লক্ষণীয় গত বছর স্বাধীনতা দিবসের মরসুমে মুক্তি পেয়েছিল ছবি ‘ধূমকেতু’। সেই ছবিতে রুদ্রনীলের কাজ দারুণ প্রশংসা কুড়িয়েছে। এরপর মুক্তি পায় ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। সেখানেও অভিনেতার কাজ নজরকাড়া। ‘হাওয়া বদল’ ছবির শুটিং হয়েছিল তিন বছর আগে। রাজ্য নতুন সরকার বদলের পর মুক্তি পেল সেই ছবি। কিছু দর্শক রুদ্রনীলের কাজের প্রশংসা করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। ৪মে শিবপুরের বিধায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন অভিনেতা। তিনি নতুন ছবির শুটিং আবার কবে করবেন, এখন সেই প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়।