Salman Khan: আসছে হুমকি ফোন! সিনেমা বন্ধ হোক, আদালতে সলমন | Salman Khan Moves Delhi High Court Against ‘Kala Hiran’ Movie, Seeks Stay on Release
সলমন খান (Salman Khan) এবং কৃষ্ণসার হরিণ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের ‘ভাইজান’-এর। ১৯৯৮ সালের সেই পুরনো ঘটনা নিয়ে তৈরি হয়েছে ছবি। আর তাতেই মারাত্মক চটেছেন অভিনেতা। তাঁর অনুমতি ছাড়া, তাঁর জীবনের সংবেদনশীল অধ্যায়কে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, এই অভিযোগে এবার সরাসরি আইনি পদক্ষেপ করলেন সলমন। ‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগাসি’ (Kala Hiran: The Battle for Legacy) নামের একটি ছবির মুক্তি ও প্রচারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছেন তিনি।
আইনি পরিভাষায় যাকে বলে ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন। সলমন খানের আইনজীবীদের দাবি, ছবিতে সরাসরি অভিনেতার নাম ব্যবহার করা না হলেও, এর পোস্টার, প্রচার এবং প্রযোজকদের প্রকাশ্য বয়ান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি সলমনকে কেন্দ্র করেই তৈরি। এমনকী, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে অভিনেতার সাম্প্রতিক বিবাদ ও কৃষ্ণসার মামলার প্রসঙ্গ টেনে সিনেমাটির বাণিজ্যিক প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ।
এর আগে গত ২৪ এপ্রিল, ২০২৬ তারিখে সলমন খানের পক্ষ থেকে ছবিটির প্রযোজক অমিত জানি, পরিচালক ভরত শ্রীনাথ এবং প্রযোজনা সংস্থা ‘জানি ফায়ারফক্স ফিল্মস’-কে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে সিনেমার সমস্ত কাজ এবং প্রচার তৎক্ষণাৎ বন্ধ করার কথা বলা হয়। কিন্তু সেই নোটিশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ায় এবার আদালতের দ্বারস্থ হতে বাধ্য হলেন অভিনেতা। তিনি সাফ জানিয়েছেন, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ছবির ট্রেলার, টিজার বা কোনও পোস্টার রিলিজ করা যাবে না। অন্যদিকে, আদালতের নোটিশ পাওয়ার পর ছবির প্রযোজক দাবি করেছেন যে সলমন ভক্তদের কাছ থেকে তিনি নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছেন!
প্রসঙ্গত ১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। ২০ বছর আইনি লড়াইয়ের পর, ২০১৮ সালের ৫ এপ্রিল নিম্ন আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেয়। পরে অবশ্য সেশন কোর্ট থেকে জামিন পান তিনি। সেই ঘটনার রেশ টেনেই এই নতুন ছবির পরিকল্পনা। এখন দেখার, আদালতের দরবারে সলমনের এই ‘ব্যক্তিত্বের লড়াই’ কোন দিকে মোড় নেয়।