সপ্তাহান্তে ইউরোপে ইরান-আমেরিকা শান্তিচুক্তি হতে পারে, হামলা বাতিল করে দাবি ট্রাম্পের
শীঘ্রই ইরান যুদ্ধের অবসান ঘটতে চলেছে। আসন্ন সপ্তাহান্তেই ইউরোপে শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে। তেহরানে হামলার সিদ্ধান্ত বাতিল করে বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রেসিডেন্ট জানান, ইউরোপে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়া নিয়ে দুই দেশের মধ্যে কথা চলছে। সেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও হাজির থাকতে পারেন। তেহরান-ওয়াশিংটনের মধ্যে আলোচনায় যে অগ্রগতি হয়েছে, সে ব্যাপারে পশ্চিম এশিয়ার দেশ কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, বাহরিন, কুয়েতকে অবগত করা হয়েছে। জানানো হয়েছে পাকিস্তানকেও।