প্রার্থী বাছাইয়ে গলদ থেকে ভোট লুটেই ভরাডুবি, বলছেন প্রাক্তন ডেপুটি মেয়র
দুর্গাপুরবাসী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নেতা-কর্মীদের কাছে প্রবীণ এই নেতা ‘জহর’ নামেই পরিচিত। বৃহস্পতিবার তিনি বলেন, ‘দুর্গাপুরে দু’টি আসনে (দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম) সঠিক প্রার্থী দিলে লড়াই করা যেত। দল যাঁদের প্রার্থী করেছে, তাঁদের নিয়ে লড়াই করার মনোবল ছিল না কর্মীদের। একটি আসনে বহিরাগত এক বুড়োকে প্রার্থী করল দল। অন্য আসনে এমন একজনকে প্রার্থী করা হলো, যিনি কখনও রাজনীতিতে ছিলেনই না।’ তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে পারেননি। তবে অনেকে দলের অভ্যন্তরে প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁদের কথায় কেউ গুরুত্ব দেননি।’ তাঁর বক্তব্য, ‘দলের কর্মীরা যেখানে দুই প্রার্থীকে মেনে নিতে পারেননি, সেখানে সাধারণ মানুষ কী ভাবে মানবেন। ফলে যা হওয়ার তা-ই হয়েছে।’