শুরু ফুটবলের উৎসব, বিশ্বকাপ–জ্বরে কাঁপছে শহর! - 24 Ghanta Bangla News
Home

শুরু ফুটবলের উৎসব, বিশ্বকাপ–জ্বরে কাঁপছে শহর!

Spread the love

এই সময়, তমলুক: কথার পিঠে চড়ছে কথা। তর্কের দমকে ভাঁড় থেকে চলকে পড়ছে চা। তথ্য কিংবা তত্ত্বে ঘাটতি হলে ‘সিধু জ্যাঠা’র ভূমিকা পালন করছে গুগল। তবে শেষ পর্যন্ত জয় হচ্ছে ফুটবলেরই!

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বিশ্বকাপ। কিন্তু, তার কয়েক দিন আগে থেকেই পূর্ব মেদিনীপুরের প্রাচীন শহর তমলুকে শুরু হয়ে গিয়েছে ফুটবল উৎসব। শহরের অলিগলি, ক্লাব, পাড়ার মোড়, চায়ের দোকানে একটাই আলোচনা— বিশ্বকাপ।

বিশ্বকাপ এলেই তমলুক দু’টি শিবিরে ভাগ হয়ে যায়। এক দিকে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজ়িলের সমর্থকরা, অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনার অনুরাগীরা। খেলা শুরুর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে সমর্থকদের তর্ক-বিতর্ক আর ভবিষ্যদ্বাণী। ব্রাজ়িল বা আর্জেন্টিনার মতো না হলেও পর্তুগাল, ফ্রান্স, জার্মানি-সহ একাধিক দেশের সমর্থকরাও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

ক্লাবের সদস্য ও স্থানীয় যুবকদের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তের দেওয়ালে ফুটে উঠছে তারকাদের মুখ। কোথাও সাঁটানো হয়েছে বিশ্বকাপ–ট্রফির ফ্লেক্স। কোথাও আবার বাঁশের খুঁটিতে পতপত করে উড়ছে আর্জেন্টিনা, ব্রাজ়িল কিংবা জার্মানির পতাকা। পাড়ার প্রবেশপথ সেজেছে প্রিয় দলের কাট-আউটে।

তমলুকের ফুটবলপ্রেমী রাজু ঘোষ ও রাজীব বক্সীর কথায়, ‘আমরা ব্রাজ়িলের সমর্থক। গত বার ব্রাজ়িল বিশ্বকাপ জিততে না পারায় খুব খারাপ লেগেছিল। আশা করছি, এ বার আমরাই জিতব।’ তমলুকের এক ক্লাব–কর্তা গোপাল সামন্ত বলছেন, ‘আমরাও ব্রাজ়িলের সমর্থক। তবে ফুটবলকে আমরা শুধুমাত্র একটি দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। তাই সব দেশের পতাকাই ক্লাবের সামনের দেওয়ালে আঁকা হয়েছে। বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য ক্লাবে এলইডি স্ক্রিনেরও ব্যবস্থা করা হয়েছে।’

ভারত মাঠে নেই তো কী, বিশ্বকাপ নিয়ে আবেগে কোনও খামতি নেই!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *