Train Disrupted: ১২ কামরার লোকাল ট্রেনেও অন্য সমস্যা! অফিস টাইমে ট্রেন থামিয়ে দিয়ে লাইনে শুয়ে পড়লেন শিয়ালদহ শাখার যাত্রীরা | Sealdah South Disrupted: Commuters Protest Over More Ladies Coaches, Diamond Harbour Line Hit
কলকাতা: ট্রেনের সংখ্যা না বাড়িয়ে মহিলা কামরা বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ, আর তাতেই অফিস টাইমে দুর্যোগের শিকার যাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইন। আজ, ব্যস্ত অফিস টাইমে হোটর স্টেশনে রেল অবরোধ করেন নিত্য যাত্রীদের একাংশ। হোটর ছাড়াও দক্ষিণ দুর্গাপুর, কল্যাণপুর-সহ একাধিক স্টেশনে চলছে অবরোধ। এর জেরে ডায়মন্ড হারবার শাখার একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
বিক্ষোভকারী পুরুষ যাত্রীদের অভিযোগ, জনসংখ্যা ও যাত্রীসংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও শিয়ালদহ দক্ষিণ শাখায় অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি। উল্টে, ১২ কামরার লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরার সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৩ করা হয়েছে। এর ফলে সাধারণ বা পুরুষ যাত্রীদের জন্য নির্ধারিত কামরা কমে গিয়েছে। অফিস টাইমে উপচে পড়া ভিড়ের কারণে ট্রেনে ওঠাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এমনকি গত কয়েকদিনে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
সময়মতো অফিস ও কর্মক্ষেত্রে পৌঁছতে না পেরে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন অন্যান্য যাত্রীরাও। সকালের ব্যস্ত সময়ে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ (GRP) ও আরপিএফ (RPF)। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে রেলের এই সিদ্ধান্তের জেরে কর্মব্যস্ত দিনে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ।
এক নিত্যযাত্রীর বক্তব্য, “বুঝতে পারি ছেলেদের কামরার সংখ্যা কমে যাচ্ছে, অফিস টাইমে সত্যিই সমস্যা। তাছাড়া আমাদের এই লাইনে অনেক সময়ের ফারাকে ট্রেন। একটা ট্রেন মিস হলেই লেট অনেকটা! কিন্তু এইভাবে অবরোধ করেও এই গরমে আদৌ কোনও সমস্যার সমাধান হবে কিনা কে জানে!”