৮ বছর পর, পর্দায় ফিরছে দেব-শুভশ্রী ম্যাজিক, ইঙ্গিত মিলতেই ভক্তমহলে উল্লাস – Bengali News | Will dev and subhasree ganguly postpended movie going to release
দেব শুভশ্রী জুটি মানেই বাঙালি দর্শকদের কাছে নস্ট্যালজিয়া। যাঁদের পর্দায় একসঙ্গে দেখার জন্যে মুখিয়ে রয়েছে গোটা বাংলা। তাঁদের শেষ করা ছবি ধূমকেতু আজও মানুষের দেখা হয়নি। মাঝে বয়ে গিয়েছে অনেকটা সময়। বর্তমানে দেব ও শুভশ্রীকে এক ছবিতে পাওয়া মানেই দর্শকদের কাছে স্বপ্ন। তবে ২০১৬ সালে তৈরি হওয়া ছবি কবে মুক্তি পাবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ক্লান্ত দর্শকের মুখে এবার খানিকটা হাসি। কারণ গত ২৪ ঘণ্টায় এমন অনেক কিছুই ঘটে গিয়েছে যা নিয়ে নেটপাড়ায় শোরগোল বর্তমান।
ধূমকেতু ছবি ঘিরে দর্শক মহলে কৌতুহল নতুন নয়। তবে দেব ও শুভশ্রীর দূরত্ব বাড়ার কারণে অনেকেই হয়তো এই ছবি নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় একবার অপুর সংসারে এসে প্রশ্ন তুলেছিলেন, ধূমকেতু কবে মুক্তি পাচ্ছে? যে প্রশ্ন দেবের কানে আসতেই তিনি উত্তরে জানিয়েছিলেন, এটা সম্ভাব হলে তিনি সব থেকে বেশি খুশি হবেন। কারণ তাঁর বিশ্বাস তাঁর কেরিয়ারে সেটাই এখনও পর্যন্ত সেরা কাজ। এবার সেই ছবিই কি সকলের সামনে আসতে চলেছে? প্রশ্ন উঠছে কারণ মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় ছবির অপর প্রযোজক রানা সরকারের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। তা থেকেই নেটপাড়ায় শোরগোল তুঙ্গে।
আর সেই আগুনেই ঘি ঢেলেছেন গায়ক সুরকার অনুপম রায়। তাঁর পোস্টেও নজর রাখলে স্পষ্ট বোঝা যায় তিনি এই ছবির গানের বাকি কাজ শেষ করতে চলেছেন। কারণ তিনিই এই ছবির সঙ্গীত পরিচালক। শোনা যায় এই ছবিতে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের একটি যুগলবন্দিও রয়েছে। যদিও সবটাই এখন টলিপাড়ার অন্দরমহলে সীমাবদ্ধ। এখনও পর্যন্ত দেব, শুভশ্রী কিংবা রানা সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি।