Helmet Sell: তৃণমূল জমানা শেষ হতেই একলাফে ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি | Helmet Sales Surge in West Bengal as BJP Government Tightens Traffic Rules - 24 Ghanta Bangla News
Home

Helmet Sell: তৃণমূল জমানা শেষ হতেই একলাফে ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি | Helmet Sales Surge in West Bengal as BJP Government Tightens Traffic Rules

Spread the love

কলকাতা: বাংলায় ক্ষমতার আসার পর থেকেই ট্রাফিক আইন নিয়ে কড়া বিজেপি সরকার (West Bengal Government)। ট্রাফিক আইন (Traffic Rules) না মানলেই জরিমানা (Traffic Fine), কোথাও আবার চলছে ধরপাকড়। ট্রাফিক আইনের মধ্যে রয়েছে হেলমেটও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, হেলমেট না পরে বেরোলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে। জানা গিয়েছে, সরকার গঠনের প্রথম দুই সপ্তাহেই প্রায় কুড়ি হাজারের বেশি বাইক আরোহীর বিরুদ্ধে হেলমেট না পরার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আগের থেকে রাস্তায় চেকিংও বেড়েছে। হেলমেট না থাকলেই জরিমানা হচ্ছে। ফলে, বাংলার বাজারে এখন হেলমেটের চাহিদা তুঙ্গে। কলকাতা, মুর্শিদাবাদ থেকে বর্ধমান, বাঁকুড়া রাজ্যজুড়ে হেলমেট কেনার হিড়িক পড়ে গিয়েছে। বাচ্চা থেকে বুড়ো… সব বয়সের হেলমেটের (Helmet Sell Rise) চাহিদা বৃদ্ধি পেয়েছে। গতি পেয়েছে শেয়ার বাজারও। বিজেপি ক্ষমতায় আসার পর দেখা গিয়েছে এক হেলমেট প্রস্তুতকারী সংস্থার শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইকোনমিক্স টাইমসের রিপোর্টে এমনই তথ্য তুলে ধরা হয়েছে।

বাচ্চা থেকে বুড়ো, হেলমেটের চাহিদার রেকর্ড বৃদ্ধি

‘দ্য ইকোনমিক টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, মে মাসে হেলমেট প্রস্তুতকারী সংস্থা স্টাডস অ্যাক্সেসারিজের বিক্রি ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্যভাবে শিশুদের হেলমেট বিক্রিও দ্বিগুণ বেড়েছে। যা থেকে বোঝা যাচ্ছে, মানুষের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্টাডস অ্যাক্সেসরিজের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আদিত্য ভার্মা জানিয়েছেন, যেসব এলাকায় আগে মানুষ খুব কম বা কখনও হেলমেট ব্যবহার করতেন না, সেখানে এখন নিয়ম মেনে হেলমেট পরার প্রবণতা বেড়েছে। শিশুদের হেলমেট বিক্রি বৃদ্ধিও সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।

কোথায় কোথায় চাহিদা বেড়েছে?

শুধু কলকাতা নয়, হেলমেটের চাহিদা বৃদ্ধি পেয়েছে মুর্শিদাবাদ, মালদহ, মেদিনীপুর, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো জেলা ও শহরগুলিতেও। শুধু স্টাডস নয়, অন্য হেলমেট প্রস্তুতকারী সংস্থার বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোথাও ৩০ শতাংশ, কোথাও তার বেশি বিক্রি বেড়েছে। বিশেষ করে ছোট ছোট শহরে এই চাহিদা বাড়ছে বলে জানা গিয়েছে।

কলকাতার একাধিক হেলমেট বিক্রেতা জানিয়েছেন, মে মাসে তাঁদের বিক্রি ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে। যেখানে এর আগে বৃদ্ধির হার ছিল মাত্র ৮ থেকে ৯ শতাংশ। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র মে মাসেই কলকাতায় হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে ৩৫ হাজার ৬০০-রও বেশি চালান কাটা হয়েছে। রাজ্যজুড়ে এই সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া ইকোনমিক্স টাইমসকে জানিয়েছেন, ধর্মীয় কারণে শিখ সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে হেলমেটে ছাড় দেওয়া হয়েছে। বাকি সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “মানুষের নিরাপত্তাকেই সরকার গুরুত্ব দিচ্ছে।” এদিকে, রাজ্যের বিভিন্ন জেলায় ট্রাফিক সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগও নেওয়া হয়েছে। কোথাও কোথাও ‘যমরাজ’ সেজে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে হেলমেট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *