সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৫০০ ফুট রয়েছে সিকিমের হিডেন জেম গ্যালশিং, যাবেন নাকি?
সকালের প্রথম আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে হিমালয়ের ঢাল। পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরের বরফের শৃঙ্গ। চারদিকে এক অপার্থিব নীরবতা। এমনই এক মনোমুগ্ধকর সৌন্দর্য সাক্ষী হতে চাইলে যেতে হবে পশ্চিম সিকিমের ছোট্ট শহর গ্যালশিং (Gyalshing বা Geyzing)।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহর গ্যাংটক থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূর। পেলিং যাওয়ার পথে অবস্থিত এই শহর পশ্চিম সিকিম জেলার সদর দপ্তরও। রাথং ও কালেট নদীর মধ্যবর্তী পাহাড়ি উপত্যকায় অবস্থিত গ্যালশিং শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বৌদ্ধ সংস্কৃতি, প্রাচীন মঠ এবং ট্রেকিং রুটের জন্যও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
গ্যালশিং পৌঁছেই চোখে পড়ে পাহাড়ের কোলে গড়ে ওঠা শান্ত জনপদ। এখানে শহুরে কোলাহল নেই, আছে শুধুই পাহাড়ি বাতাস, সবুজ বন আর দূরের কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। পাহাড়ের সরু রাস্তা ধরে এগোতে এগোতে মনে হয় যেন প্রকৃতির এক নির্জন আশ্রয়ে এসে পৌঁছেছেন।
কেন যাবেন গ্যালশিং?
গ্যালশিং এমন এক গন্তব্য যেখানে একসঙ্গে উপভোগ করা যায় প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং অ্যাডভেঞ্চার। প্রাচীন বৌদ্ধ মঠ, হিমালয়ের অসাধারণ দৃশ্য, শান্ত পরিবেশ এবং ট্রেকিংয়ের সুযোগ এই শহরকে পশ্চিম সিকিম ভ্রমণের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র করে তুলেছে।
কী কী দেখবেন?
পেমায়াংতসে মনাস্ট্রি
গ্যালশিং থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত ১৭ শতাব্দীর এই প্রাচীন বৌদ্ধ মঠ সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এখানে প্রাচীন বৌদ্ধ মূর্তি, পাণ্ডুলিপি ও শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে।
সাঙ্গাচোলিং মনাস্ট্রি
পশ্চিম সিকিমের অন্যতম প্রাচীন মঠ। এখান থেকে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর দেখা যায়।
পেলিং
গ্যালশিং থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত পেলিং পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, নার্সিং, কাবরু, রাথংসহ একাধিক হিমালয় শৃঙ্গের অপূর্ব ভিউ দেখা যায়।

খেচেওপালরি লেক
বৌদ্ধ ও হিন্দু উভয় সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র এই হ্রদটি ঘন জঙ্গলে ঘেরা। গ্যালশিং থেকে জনপ্রিয় ট্রেকিং রুটগুলির অন্যতম গন্তব্য এটি।
চাম নৃত্য উৎসব
পেমায়াংতসে মনাস্ট্রিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘চাম’ বা মুখোশধারী সন্ন্যাসীদের নৃত্য উৎসব সিকিমের বৌদ্ধ সংস্কৃতিকে কাছ থেকে জানার এক অনন্য সুযোগ।
কী ভাবে পৌঁছবেন?
নিকটতম বিমানবন্দর হল পাকিয়ং বিমানবন্দর। এছাড়া বাগডোগরা বিমানবন্দর থেকেও গ্যালশিং যাওয়া যায় গাড়িতে।
নিকটতম রেলস্টেশন নিউ জলপাইগুড়ি রেলস্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে গ্যালশিং পৌঁছনো যায়।
গ্যাংটক, পেলিং ও শিলিগুড়ি থেকে নিয়মিত গাড়ি ও শেয়ার জিপ পরিষেবা পাওয়া যায়।