মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা বাসের, মৃত ১
মহারাষ্ট্রের মুম্বইয়ে সোমবার সকালে অফিস টাইমে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক যানবাহনে ধাক্কা মারল একটি সরকারি বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। আহত তিন। শহরের দাদর এলাকার প্লাজা সিনেমা সংলগ্ন রাস্তায় ঘটেছে এই দুর্ঘটনা। বাসের ধাক্কায় অন্তত চারজন আহত হন, যাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ ও BEST সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ একটি BEST (Brihanmumbai Electric Supply and Transport) বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটে দুর্ঘটনা। দাদর রেলস্টেশন সংলগ্ন এই এলাকায় ওই সময়ে প্রচুর যানবাহন এবং পথচারীর ভিড় থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে সামনের যানবাহনগুলির দিকে ছুটে যায়।
নিয়ন্ত্রণ হারানোর পরে বাসটি প্রথমে একটি মোটরবাইক, তারপর একটি ইলেকট্রিক বাইক, একটি ইলেকট্রিক গাড়ি, একটি ট্যাক্সি এবং একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাসটির ধাক্কায় ছিটকে যাচ্ছে গাড়িগুলি।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত সায়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সহকারী মেডিক্যাল অফিসার ডা. রণধীর জানান, ২২ থেকে ২৫ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ঋষভ গুপ্তা নামে ২৫-৩০ বছর বয়সি এক যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। আরও দু’জনের বুকে, পিঠে ও কাঁধে চোট লেগেছে।
অন্য সূত্রের দাবি, আহতদের মধ্যে দুই মোটরবাইক আরোহী, বাসের কন্ডাক্টর এবং আরও একজন ব্যক্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে বাসটির সামনের উইন্ডশিল্ড ভেঙে যায় এবং একাধিক গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে একটি ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরানো হয়। রাস্তায় ছড়িয়ে পড়ে গাড়ির ভাঙা অংশ।
ঘটনার পর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ এবং ট্রাফিক কর্মীরা দীর্ঘ সময় ধরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিকট শব্দ শোনার পর তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখেন রাস্তার উপর ক্ষতিগ্রস্ত গাড়ি ছড়িয়ে রয়েছে এবং চারদিকে হইচই শুরু হয়েছে।
কেন বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, চালকের ভুল অথবা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও BEST কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক বছর ধরে BEST বাসের সঙ্গে জড়িত একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ডিসেম্বরে ভান্ডুপে একটি BEST বাস পিছনে যাওয়ার সময় পথচারীদের চাপা দিলে চারজনের মৃত্যু হয়েছিল। এছাড়া মুলুন্ড, প্রভাদেবী এবং বোরিভলিতেও BEST বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে।