রেশনের গমে বালি–পাথর! ক্ষুব্ধ গ্রাহকরা
এই সময়, গোপালনগর: খাদ্যমন্ত্রী হওয়ার পরেই তৃণমূল আমলের রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন অশোক কীর্তনিয়া। ঘোষণা করেন, এ বার আটার বদলে রেশনে উৎকৃষ্ট মানের গম বিলি করা হবে। এ মাস থেকেই রেশনে গম দেওয়া হচ্ছে গ্রাহকদের। কিন্তু সেই গমের গুণগত মান নিয়েই প্রশ্ন উঠল। সাধারণ গ্রাহক ও ডিলারদের অনেকেরই অভিযোগ, রেশনে যে গম দেওয়া হচ্ছে, তার মধ্যে বালি ও পাথর মেশানো! তা নিয়ে ক্ষোভের মুখে পড়ছেন রেশন ডিলাররা। কোথাও কোথাও নিম্নমানের গম নিতে অস্বীকার করছেন গ্রাহকরা। শনিবার এমনই একটি ঘটনা ঘটেছে খাদ্যমন্ত্রীর নিজের বিধানসভা এলাকা বনগাঁ উত্তরে। সেখানকার গোপালনগরের চালকী বাজার এলাকায় একটি রেশন দোকানে এ দিন গম তুলতে যান গ্রাহকরা। কিন্তু মান ভালো না হওয়ায় তাঁরা ক্ষোভ উগরে দেন। অভিযোগ, অতি নিম্নমানের গমে প্রচুর বালি, পাথর ও সিমেন্ট রয়েছে। প্রতিবাদে তাঁরা রেশন দোকান থেকে গম নিতে অস্বীকার করেন। রেশন ডিলার প্রদীপ কুমার দত্ত গ্রাহকদের জানান, রেশনে যা গম পাঠানো হয়েছে, সেটাই তাঁদের নিতে হবে। এতে গ্রাহকরা আরও খেপে ওঠেন। ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মী ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। তাঁরা গমের কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান।