গোডাউনে ত্রাণ সামগ্রী, প্রশ্ন গেস্ট হাউস ঘিরে!
বাঁকোলা এলাকার ওই গোডাউনটি থেকে এ দিন বিপুল পরিমাণে ত্রিপল, ছাতা, শাড়ি, মশারি সমেত নানা ধরনের ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি এই সব সাহায্য গরিব মানুষের পাওয়ার কথা থাকলেও তা আটকে রাখা হয়েছিল। এলাকার বাসিন্দা রুকসানা খাতুন ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘বিধায়কের কাছে ত্রাণ সামগ্রী অথবা বাচ্চাদের জন্য স্কুলের পোশাক চেয়েও পাওয়া যায়নি। অথচ গোডাউনে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করে রাখা আছে। এ সব কাদের দেওয়ার জন্য মজুত করা হয়েছে?’ একই সুর শোনা গিয়েছে আর এক বাসিন্দা জিয়াউল শেখের গলাতেও। তিনি পরিষ্কার দাবি করেন, ‘প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করা আছে গোডাউনে। অথচ সাধারণ মানুষকে কিছুই দেওয়া হয়নি।’