Tollywood Industry Update: ‘চাপমুক্ত পরিবেশে কাজ করবেন প্রযোজকরা’, টলিপাড়ায় বড় বদলের আশ্বাস পাপিয়া অধিকারীর | Producers to Work Stress Free in Tollywood, Assures Papiya Adhikari
রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে টলিপাড়া। ফেডারেশনের দুর্নীতি থেকে ফেডারেশন ভেঙে যাওয়ার কথা জানালেন বিধায়ক অভিনেত্রী পাপিয়া অধিকারী। সিনেমার প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের ঝামেলা নিত্য ঝামেলা ছিল। ফেডারেশন ও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল, প্রয়োজন না থাকলেও নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ানদের নিতেই হবে। অল্প বাজেটের প্রযোজকরা পড়ত ঝামেলায়। বহুবার বহু যায়গায় দরবার করেও সেই ঝামেলার কোনও সুরাহা মেলেনি। এবার রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই এবার প্রযোজকরা একজোট হয়ে মিটিং করলেন বিধায়ক পাপিয়া অধিকারীর সঙ্গে। সেই মিটিং ফলপ্রসূ হয়েছে বলেই দাবি করেছেন প্রযোজকরা। বিশেষ করে স্বল্প বাজেটের ছবি বানান এমন প্রযোজকরা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। এবার থেকে কোনও নির্দিষ্ট নিয়ম থাকবেনা।
এর আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়েছেন, ফেডারেশন আর থাকবেনা। তার পরিবর্তে থাকবে কনফেডারেশন। দিল্লির সঙ্গে এক যোগে কাজ করা হবে। এক ছাতার তলায় সকলে মিলে কাজ করবে। ফেডারেশনের চাপানো কোনও নিয়ম আর থাকবেনা। প্রযোজকদের প্রয়োজন অনুযায়ী এবার থেকে টেকনিশিয়ান নিতে পারবে প্রযোজকরা। অনেক সময় স্বল্প বাজেটের কাজের জন্য খুব বেশি টেকনিশিয়ান দরকার থাকেনা। সেক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান নিতে হত। এখন থেকে প্রয়োজন অনুযায়ী টেকনিশিয়ান নেবার স্বাধীনতা থাকবে প্রযোজকদের।
সিনেমা ও সিরিয়ালের ক্ষেত্রে পরিচালক ও প্রযোজকদের গুরুত্ব বাড়বে । চ্যানেলের সঙ্গে কেবল পরিচালক নয় প্রযোজকদের সরাসরি কথা হবে। পাপিয়া অধিকারী বলেন, “প্রযোজকরা অনেক খুশি। এখন আমরা একসঙ্গে কাজ করব স্বাধীন ভাবে। প্রযোজকদের উপর কোনও চাপ দেওয়া হবে না। ছোট প্রযোজকদের দেখতে হবে, এখনতো বাইরে থেকে ইনভেসটারও আসছে।”