India-Bangladesh Visa: বাংলাদেশিদের জন্য ভিসার নিয়মে বড় বদল, কী নির্দেশ দিল্লির? | India Changes Visa Registration Rules for Foreigners, New Requirement for Stays Beyond 180 Days
নয়া দিল্লি: আপনি কি বাংলাদেশি? ১৮০দিন ভিসার (180 Days Visa) মেয়াদে ভারতে রয়েছেন? তাহলে ভারতে আসার আগে অবশ্যই ভিসা সংক্রান্ত এই তথ্য আপনার জেনে রাখা প্রয়োজন। কারণ ভিসা সংক্রান্ত নিয়মে বড় বদল এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে, এই বদল শুধু বাংলাদেশের নাগরিকদের (India-Bangladesh) জন্য নয়। সব বিদেশি নাগরিকদের (Foreigners Visa in India) জন্যই প্রযোজ্য। তবে কিছু ক্ষেত্রে ভিসা সংক্রান্ত নিয়ম শিথিলও করা হয়েছে।
ভিসায় কী পরিবর্তন হয়েছে?
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর ধারায় সংশোধন আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিদেশি নাগরিক যদি ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসেন এবং নির্ধারিত সময়ের বেশি দেশে থাকতে চান, তাহলে তাঁদের এখন আগেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ ১৮০ দিনের আগে রেজিস্ট্রেশন করাতে হবে। এর আগে নিয়ম ছিল, ভারতে আসার ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হত। নতুন নিয়মে সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে কী হবে? স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর রেজিস্ট্রেশনের অনুমতি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই দেওয়া হবে।
কোন নিয়ম শিথিল করা হয়েছে?
কিছুক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। বিদেশি বাবা-মায়ের ভারতে জন্ম নেওয়া সন্তানদের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, সন্তানের জন্মের ৩০ দিনের মধ্যে অভিভাবকদের অনলাইনে রেজিস্ট্রেশন আধিকারিককে জানাতে হত। এর ভিত্তিতেই সন্তানের নতুন ভিসার অনুমতির মতো পরিষেবা পাওয়া যেত। তবে নতুন সংশোধিত নিয়মে বলা হয়েছে, যদি বাবা বা মা-এর মধ্যে কোনও একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে এই নিয়ম আর প্রযোজ্য হবে না।
সরকারের মতে, এই সংশোধনের ফলে বিদেশি নাগরিকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সুস্পষ্ট হবে এবং ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা কমবে।