Abhishek Banerjee: হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী কারণ দেখালেন? | TMC MP Abhishek Banerjee Avoids CID Appearance
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
কলকাতা: হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সই জালিয়াতি কাণ্ডে তাঁকে আজ ভবানীভবনে তলব করেছিল সিআইডি। বেলা ১২টা নাগাদ হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি বলেই সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অভিষেক।
বিধানসভায় সই জালিয়াতি নিয়ে বিতর্ক তুঙ্গে। তদন্ত করছে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে রাজ্য তদন্ত আধিকারিকদের স্ক্যানারে রয়েছেন অভিষেক। শনিবারই অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছেছিলেন সিআইডি আধিকারিকরা। সেইসময় বাড়িতে ছিলেন না অভিষেক। কালীঘাটের বাড়িতে ছিলেন সাংসদ। পরে শান্তিনিকেতন থেকে কালীঘাটের বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। ঘণ্টাখানেক টালবাহানার পর অভিষেককেই সমনের নোটিস নিতে হয়ে তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে। জানা যায়, সোমবার তাঁকে ভবানীভবনে তলব করা হয়েছে।
এরই মধ্যে সই জালিয়াতি কাণ্ডে সিট গঠন করা হয়। জানা যায়, অভিষেক হাজিরা দিলে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিট-এর অফিসাররা। তবে, প্রথম থেকেই প্রশ্ন উঠছিল, অভিষেক কি আদৌ হাজিরা দেবেন? কারণ শনিবারই জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে তাঁকে ডিম ছুড়ে মারা হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়। মারও খেতে হয় তাঁকে। ওই অবস্থাতেই দলের মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন। পরে সেখান থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান হাসপাতালে। যদিও তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। সেই অসুস্থতার কারণ দেখিয়েই তিনি হাজিরা দিলেন না বলে সূত্রের খবর। জানা গিয়েছে, সিআইডি-কে একটি চিঠি পাঠিয়েছেন সাংসদ। চিঠিতে অসুস্থতার কারণ জানানো হয়েছে বলে খবর। এরপর তাঁকে ফের তলব করা হবে কি না, বা কবে করা হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।