কেন্দ্রের ‘খেত বাঁচাও অভিযান’–এ বাংলার কৃষকদের বিশেষ গুরুত্ব
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
কৃষি মন্ত্রকের উদ্যোগে আজ, সোমবার থেকে সারা দেশে শুরু হতে চলেছে ‘খেত বাঁচাও অভিযান’৷ মূল লক্ষ্য—সারের সুষম ব্যবহার, আবহাওয়া জনিত প্রতিকূলতার বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেওয়া এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সম্পর্কে সব রাজ্যের কৃষকদের অবগত করা৷ রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করে কৃষকরা যাতে জৈব সারের ব্যবহার বেশি করেন এবং চাষযোগ্য মাটির গুণাবলী খতিয়ে দেখেন—সেদিকেও বিশেষ দৃষ্টি দেবে কেন্দ্রীয় সরকার৷ দেশের সব রাজ্যের কৃষকরা যাতে যে কোনও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তাঁদের চাষের জমি রক্ষা করতে পারেন, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় টিপস দেওয়ার পাশাপাশি কৃষকদের হাতে কলমে শেখানো হবে কী করে ফসলের বীজ বপন এবং উত্পাদিত ফসল বিক্রি করে হওয়া আয় এবং সর্বপ্রকারের ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়৷ ১ তারিখ শুরু হয়ে গোটা জুন মাস ধরেই সারা দেশে পরিচালিত হবে এই ‘খেত বাঁচাও অভিযান’৷ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছে যাবেন কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা৷ দিল্লিতে সরকারি সূত্রের দাবি, সরকারের শীর্ষ স্তরের নির্দেশের পরে এ বারের কেন্দ্রীয় অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে৷