বিশ্বকাপে খেলবেন জ়িদান! জ়িনেদিন নন, রইল বিস্তারিত
বিশ্ব ফুটবলে জ়িনেদিন জ়িদান নামটি একটি ব্র্যান্ড। ১৯৯৮ বিশ্বকাপ জয়ে ফ্রান্সের নায়ক ছিলেন তিনি, আবার ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিরুদ্ধে হেডবাট কাণ্ডের জন্যও ইতিহাসের অংশ হয়ে আছেন। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে থাকবেন জ়িদান। তিনি জ়িনেদিন নন। তিনি হলেন জ়িনেদিনের ছেলে লুকা জ়িদান। তবে বাবার মতো ফ্রান্সের জার্সিতে নামবেন না লুকা। আলজিরিয়ার হয়ে বিশ্বকাপ খেলতে চলেছেন জুনিয়র জ়িদান।
সোমবার ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আলজিরিয়া। সেই দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সি লুকা জ়িদান। ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির প্রাক্তন তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ় থাকছেন দলের অধিনায়ক হিসেবে।
ফ্রান্সে জন্ম হলেও লুকার পারিবারিক শিকড় আলজিরিয়ায়। তাঁর ঠাকুমা ও ঠাকুরদা উত্তর আফ্রিকার দেশটির বাসিন্দা ছিলেন। যুব পর্যায়ে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেললেও পরে পূর্বপুরুষদের দেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সালের অক্টোবরে উগান্ডার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আলজিরিয়ার হয়ে অভিষেক হয় তাঁর। এরপর আফ্রিকা কাপ অব নেশনসে দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তবে বিশ্বকাপ স্কোয়াডে তাঁর সুযোগ পাওয়াটা একটা সময়ে বড় প্রশ্নের মুখে ছিল। কারণ চলতি বছরের এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে চোয়াল ও থুতনিতে গুরুতর চোট পান লুকা। তাঁর থুতনির হাড়ে চিড় ধরে। সেই আঘাতের কারণে তাঁর বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সুস্থ হয়ে জাতীয় দলে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি।
আলজিরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল সাজিয়েছেন। মাহরেজ়ের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হুসেম আওয়ার এবং আমিন গুইরির মতো ফুটবলাররা। সাত মাস পর জাতীয় দলে ফিরেছেন টটেনহ্যাম হটস্পারের প্রাক্তন মিডফিল্ডার নাবিল বেনতালেবও।
সর্বশেষ দুই বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল আলজিরিয়া। এবার তারা পঞ্চমবারের মতো ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলতে নামছে। বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা, অস্ট্রিয়া এবং জর্ডান। ১৬ জুন লিওনেল মেসিদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে আলজিরিয়ার বিশ্বকাপ অভিযান।
বিশ্বকাপে আলজিরিয়ার সেরা সাফল্য এসেছে ২০১৪ সালে, যখন তারা শেষ ১৬ পর্যন্ত পৌঁছেছিল। বাকি চারটি অংশগ্রহণেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার মাহরেজ়ের নেতৃত্বে এবং লুকা জ়িদানের মতো নতুন মুখকে সঙ্গে নিয়ে সেই ইতিহাস বদলানোর স্বপ্ন দেখছে ‘দ্য ফেনেক ফক্সেস’।
আলজিরিয়ার বিশ্বকাপ দল
গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জ়িদান
ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জ়িনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজ়াম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই
মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি
ফরোয়ার্ড: মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ়, আনিস হাজ মুসা