চোখধাঁধানো আসবাব, মুম্বইয়ে বানিয়েছেন এক টুকরো কলকাতা, কাজলের বোন তানিশাকে এত টাকা দিল কে?
বলিউডর অত্যন্ত জনপ্রিয় দুই বোন। একজন ইন্ডাস্ট্রিতে একের পর এর পারফর্ম্যান্সের মাধ্যমে সুপারস্টার হলেও, অন্যজন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় তেমন নাম করতে পারেননি। কাজল ও তানিশা। অভিনেত্রী তনুজার দুই কন্যা। কাজলের জীবনের অনেক ঘটনা প্রতিনিয়ত অনুরাগীরা জানতে পারলেও, তানিশা খানিক আড়ালেই থেকেছেন বরাবর। এ বার মুম্বইয়ের অভিজাত এলাকায় তাঁর বিলাসবহুল বাড়ির ছবি এল প্রকাশ্যে।
সম্প্রতি, একটি ইউটিউব চ্যানেলে নিজের বাড়ি ঘুরে দেখান তানিশা। যা দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। কোরিওগ্রাফার ফারহা খান তানিশার বাড়িতে পা রেখে প্রথমেই খানিক থমকে যান। মুম্বইয়ের মতো শহরে নাকি এমন বাড়ি পাওয়া খুবই বিরল। ঠিক যেন এক টুকরো কলকাতা।
ঘরের ভিতরে ঘোরানো সিঁড়ি। সবুজ মার্বেল দিয়ে তৈরি মেঝে। প্রতিটা আসবাবে ছোঁয়া রয়েছে কলকাতার। বাঙালিয়ানা ও সাবেকিয়ানায় তৈরি ঘরের অন্দরসজ্জা। যা দেখে তানিশার কাছে ফারহা খানের প্রশ্ন, এমন সৌন্দর্য কী ভাবে মেনটেন করেন তিনি?
তানিশা জানান, মুম্বইয়ের এই বাড়ি আসলে তাঁর মা তনুজার। একটা সময়ে তাঁর বাবা-মা এই বাড়িতেই থাকতেন। এখন আর তাঁর মা আর এখানে থাকেন না। তাই গত ১৪ বছর ধরে এই বাড়ির দেখাশোনা করেন তানিশা। আর সবচেয়ে চমক অন্য জায়গায়। এমন বাঙালিয়ানা স্টাইলে বাড়ি সাজানোর সমস্ত টাকাই নাকি দিয়েছেন দিদি কাজল। এমন দিদি তো ভাগ্য করে জোটে। তানিশার মুখে কাজলের টাকা দেওয়ার কথা শুনে মন্তব্য ফারহার।
শুধু তাই নয়, বাড়ির বাকি অংশের মতোই রান্নাঘরেও সেই পুরোনো দিনের ছোঁয়া রেখেছেন তাঁরা। তানিশা জানান, গ্যাসের খরচ কমাতে তাঁরা এখন ইন্ডাকশনে রান্না শুরু করেছেন। তিনি বলেন, ‘যেহেতু মোদীজি এলপিজি বাঁচাতে বলেছেন, তাই আমরা ইন্ডাকশনে রান্না করছি। আমরা প্রায় দু’মাস ধরে এলপিজি সিলিন্ডার পাইনি।’