সুন্দরের ক্যাচে বিতর্ক, রেগে আম্পায়ারের সঙ্গে তর্ক পতিদারের, আউট ছিলেন GT তারকা?
জর্ডন কক্সের ক্যাচ নিয়ে শুরু বিতর্ক
গুজরাটের ইনিংসের দশম ওভারের শেষ বলে জ্যাকব ডাফি (Jacob Duffy) একটি শর্ট বল করেন। ওয়াশিংটন সুন্দর হুক শট খেলতে যান। কিন্তু বল ঠিক মতো ব্যাটে লাগেনি। বল অনেক উঁচুতে উঠে ডিপ ফাইন লেগের দিকে যায়। সেখানে বদলি ফিল্ডার জর্ডন কক্স (Jordan Cox) দ্রুত দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। ক্যাচটি দেখেই RCB-র ক্রিকেটাররা উইকেট পাওয়ার আনন্দে উল্লাস শুরু করে দেন। ওয়াশিংটন সুন্দরও মাঠ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। কিন্তু মাঠের আম্পায়ার নীতিন মেনন (Nitin Menon) সঙ্গে সঙ্গে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। কারণ প্রথম নজরে মনে হয়েছিল, ক্যাচ নেওয়ার সময় বল হয়তো মাটিতে ছুঁয়ে গিয়েছে।
এর পর বারবার রিপ্লে দেখা হয়। দীর্ঘক্ষণ পরীক্ষা করার পর তৃতীয় আম্পায়ার জানান, ক্যাচ ধরার সময় বল সামান্য ঘাস স্পর্শ করেছে। তাই এটি বৈধ ক্যাচ নয়। সেই কারণে সুন্দরকে নট আউট দেওয়া হয় এবং তিনি আবার ব্যাট করতে ফিরে আসেন।
সিদ্ধান্তে খুশি নয় RCB
তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত মোটেই ভালো ভাবে নেয়নি RCB শিবির। সাধারণত খুব শান্ত স্বভাবের রজত পতিদারও এই ঘটনায় বিরক্ত হয়ে পড়েন। তিনি সরাসরি আম্পায়ার নীতিন মেননের কাছে গিয়ে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। RCB-র অন্য ক্রিকেটারদের মধ্যেও অসন্তোষ দেখা যায়। তবে একবার তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পর সেটি আর বদলানো সম্ভব ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তখন ওয়াশিংটন সুন্দর মাত্র ৭ বলে ৪ রান করে খেলছিলেন। ফলে ওই সময় তাঁর উইকেট পেলে গুজরাট আরও বড় চাপে পড়ে যেতে পারত। পরে সুন্দর ৩৭ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে গুজরাটকে ১৫০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন। ৮ উইকেটে ১৫৫ রান করেন GT।