Birbhum Raid: তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি, পুলিশি তল্লাশিতে কী কী উদ্ধার হল একবার দেখুন | Gold, Cash Recovered From TMC Linked Sand Trader’s House in Birbhum, Police Probe Underway
ব্য়াপক শোরগোল রাজনৈতিক আঙিনায় Image Credit: TV 9 Bangla
বীরভূম: তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি। পুলিশের তল্লাশিতে উদ্ধার ৫০২ গ্রাম সোনার গয়না। বাড়ি এবং অফিস থেকে উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকা। শুক্রবার সন্ধ্যায় বীরভূমের মহম্মদ বাজারে লগইন শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। সন্ধ্যা ৬টা থেকে টানা চলে পুলিশি অভিযান। চলে গভীর রাত পর্যন্ত। তাতেই এই বিপুল পরিমাণ অর্থ ও গয়না উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। উৎসের খোঁজে জোরকদমে জিজ্ঞাসাবাদও চলাচ্ছে পুলিশ।
ইতিমধ্যেই ওই বাড়ি থেকে সোহেল শেখ, লবান শেখ, সামিম শেখের নাম পুলিশের কাছে উঠে আসে। তিনজনেই বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাস্তা তৈরির একটি ঠিকাদার সংস্থাও রয়েছে। এরমধ্যে সামিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাঁকে সিউড়ি আদালতে তোলা হচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতিমুক্ত বাংলা গড়তে একের পর এক পদক্ষেপ করছে বিজেপি সরকার। জোরকদমে চলছে ধড়পাকড়। কিছুদিন আগেই বীরভূমের পাথর শিল্পের ডিসিআর কেলেঙ্কারি নিয়ে বড় তথ্য সামনে এনেছিলেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। একেবারে হিসাবে কষে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল আমলে প্রশাসনের জালিয়াতির অঙ্ক। দ্রুত যাতে এই ঘটনার তদন্ত হয় তার জন্য খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন বলেও জানিয়েছিলেন বিধায়ক। তাঁর দাবি, গত ১৫ বছরের তৃণমূল আমলে শুধু বীরভূমেই কয়েক হাজার কোটির রাজস্ব ক্ষতি হয়েছে।