Trinamool Congress: এগরায় স্কুলের ল্যাবরেটরি থেকে উদ্ধার মদের বোতল, জড়িয়ে গেল তৃণমূলের নাম | Egra School Lab Liquor Bottle Row: Relief Materials, TMC Flags Recovered from School Laboratory in East Midnapore
শোরগোল রাজনৈতিক আঙিনায় Image Credit: TV 9 Bangla
এগরা: একদিন আগেই ঘাটালে তৃণমূলের এক পার্টি অফিস থেকে বস্তা ভর্তি প্রচুর স্কুল ড্রেস, জব কার্ড, স্বাস্থ্য সার্থী কার্ডের সঙ্গেই উদ্ধার হয়েছিল কন্ডোমের প্যাকেট। সেই ঘটনায় শোরগোল থামতে না থামতেই এবার পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের ভিতর থেকে উদ্ধার প্রচুর ত্রিপল, মদের বোতল, তৃণমূলের দলীয় পতাকা-সহ অনেক ত্রাণ সামগ্রী। কী করে স্কুলের ভিতর এই জিনিসগুলি এল তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, গ্রামবাসীদের তৎপরতাতেই স্কুলের ল্যাবরেটরির বন্ধ ঘর থেকে কয়েক হাজার সরকারি ত্রিপলের পাশাপাশি ধানের বস্তা এবং ত্রাণের অন্যান্য সামগ্রীর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল। সেখানেই পড়েছিল তৃণমূলের অনেক পতাকাও। কিন্তু এলাকার বাসিন্দাদের সবথেকে অবাক করছে মদের বোতলই। তাহলে কী স্কুলের ভিতরেই ছিল সমাজবিরোধীদের অবাধ যাতায়াত? প্রশ্ন ঘুরছে।
এলাকার লোকজন অবশ্য ক্ষোভ প্রকাশ করছেন এগরার প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির বিরুদ্ধে। তিনি আবার এই স্কুলের প্রধান শিক্ষকও বটে। তাঁর বিরুদ্ধে স্কুলকে কার্যত দলের ‘পার্টি অফিস’ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এদিন ল্যাবরেটরির ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভের সঞ্চার হয় গোটা এলাকায়। খবর পেয়ে এগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ত্রিপল, ধানের বস্তা, দলীয় পতাকা ও মদের বোতল সবই থানায় নিয়ে যাওয়া হয়েছে। একজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে এগরা ২ ব্লক জুড়ে রাজনৈতিক চাপানউতোর ও উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারীও।