Jeetu Kamal on Anik Dutta: অনীকের শেষকৃত্যে কাদের যেতে বারণ করলেন জীতু কমল? | Jeetu kamal explosive facebook post anik dutta funeral last rites controversy
প্রয়াত পরিচালক অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের আদলে তৈরি ‘অপরাজিত রায়’ চরিত্রে অভিনয় করে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন জীতু কমল। তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ও মাইলস্টোন পারফরম্যান্স ছিল সেটি। বুধবার অনীক দত্তর আকস্মিক মৃত্যুর পর টলিপাড়ার অনেকেই শোকপ্রকাশ করলেও জীতু কিন্তু সম্পূর্ণ নীরব ছিলেন। কোনও সংবাদমাধ্যমের কাছেই তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু সেই স্তব্ধতা ভেঙে অবশেষে সোশাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা। আর মুখ খুলেই টলিপাড়ার একাংশকে নিশানা করে এক বিস্ফোরক পোস্ট করলেন জীতু, যা নিয়ে এই মুহূর্তে সোশাল মিডিয়ায় শোরগোল।
অনীক দত্তর শেষকৃত্যের খবর ও সময়সূচি শেয়ার করার পাশাপাশি এক তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অনীকের সত্যজিৎ জীতু । অনীকের পরিবারের সম্মতিতেই এই পোস্ট করছেন জানিয়ে অভিনেতা সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন এক বিশেষ শ্রেণীর মানুষের ওপর।
নিজের ফেসবুক প্রোফাইলে জীতু কমল লিখেছেন, অনীক দাকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যেন সবাই মুখ দেখাতে না আসেন। এই পোস্টে জীতু লিখলেন, “যারা অনীক দত্তর পিঠপিছু প্রচুর নিন্দা করতেন, গালি দিতেন, প্রতিনিয়ত ওর কাজগুলোকে নষ্ট করেছেন, মানসিকভাবে ভেঙে দিয়েছেন, তারা দয়া করে আসবেন না।”
এখানেই থামেননি জীতু। তীব্র আক্রমণাত্মক সুরে তিনি আরও লিখেছেন, “শুধু শুধু অভিশাপ কুড়িয়ে নিয়ে বাড়ি ফেরার কোনও মানে হয় না। পাপ-পুণ্য সবকিছুর খতিয়ান এখানেই দিয়ে যেতে হবে। নিজের বাড়িতে বসেই না হয়, অনীক দার কাছে একবার মন থেকে ক্ষমা চেয়ে নেবেন।” শেষে অবশ্য ঈষৎ কটাক্ষের সুরে যোগ করেছেন, “ভয় পাবেন না ঈশ্বর ক্ষমাশীল।” পোস্টের শেষে আবেগঘন হয়ে পড়েছেন তাঁর পর্দার ‘সত্যজিৎ’। হ্যাশট্যাগ দিয়ে জীতু লিখেছেন, “ফিরবে তোমার ‘সত্যজিৎ’, তোমার শেষ ইচ্ছে পূরণ হবেই। তুমিই ‘অপরাজিত অনীক’।”
টলিউডের অন্যতম স্পষ্টবক্তা ও প্রথাবিরোধী পরিচালক হিসেবে পরিচিত ছিলেন অনীক দত্ত। কাজের ক্ষেত্রে অনেক সময় নানা বাধা ও ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হতে হয়েছিল তাঁকে, এই অভিযোগ নতুন নয়। জীতু কমলের এই পোস্ট যেন সেই অভিযোগেরই সিলমোহর দিল।