‘১ জুন থেকেই প্রত্যেককে ৩০০০ টাকা দিতে হবে!’ জোর দাবি তুললেন কুণাল
কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বিজেপির অন্যতম প্রধান তুরুপের তাস ছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। এবার …
কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বিজেপির অন্যতম প্রধান তুরুপের তাস ছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। এবার সেই প্রতিশ্রুতিকেই হাতিয়ার করে নতুন সরকারকে প্যাঁচে ফেলতে ময়দানে নামলেন তৃণমূলের কুণাল ঘোষ। নবান্ন থেকে ফর্ম প্রকাশ হতেই কুণালের সাফ দাবি, ফর্ম পূরণের বাহানায় কালক্ষেপ না করে আগামী ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করতে হবে সরকারকে। (Kunal Ghosh attacks BJP over Annapurna Bhandar scheme)
শুভেন্দু সরকার যে ১২ পাতার বিস্তারিত আবেদনপত্র তৈরি করেছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। ফর্মে আবেদনকারীর পারিবারিক আয়, গাড়ির হদিশ, শিশুদের স্কুলের বিবরণ থেকে শুরু করে সিএএ (CAA) আবেদনের নথির মতো একাধিক খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। এই কড়া গাইডলাইনকে তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ভোটের আগে বলা হয়েছিল ক্ষমতায় এলেই ৩,০০০ টাকা দেওয়া হবে। এখন ফর্ম পূরণের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। এটা আসলে টাকা না দেওয়ার বা তা ঝুলিয়ে রাখার বাহানা।
নতুন সরকারের ওপর চাপ সৃষ্টি করে কুণাল ঘোষ স্পষ্ট দাবি তুলেছেন, “বাংলার মায়েরা ১ জুন থেকেই তাঁদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা চান। সরকার যদি প্রথম দিন থেকেই এই টাকা দেওয়া শুরু না করে, তবে প্রমাণিত হবে যে নির্বাচনের আগে দেওয়া বিজেপির এই প্রতিশ্রুতি ছিল কেবলই একটি ‘জুমলা’ বা নির্বাচনী ভাঁওতা।”