Kakali Ghosh Dastidar: ‘প্রশাসনটা সবার…’, আমন্ত্রণ পেয়েই শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হলেন কাকলি, উপস্থিত তিন তৃণমূল এমএলএ | Kakali Ghosh Dastidar at CM Suvendu Adhikari’s administrative meeting
শুভেন্দুর বৈঠকে কাকলিImage Credit: TV9 Bangla
কলকাতা: পালাবদলের পর বাংলায় বেনজির ছবি। প্রশাসনিক বৈঠকে হাজির বিরোধী দলের সাংসদ, বিধায়করা। মঙ্গলবার সকালে কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে দেখা গেল সেই ছবি। গত কয়েকদিন ধরে চলা জল্পনার মাঝেই শুভেন্দুর বৈঠকে হাজির হলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বৈঠক শুরুর আগেই প্রবেশ করেন তিনি। প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমন্ত্রণ পেয়েছি, তাই এসেছি। প্রশাসনটা কারও একার নয়, এটা কোনও দলীয় সভা নয়।”
কারা এলেন শুভেন্দুর বৈঠকে?
শুধুমাত্র কাকলি নয়, এদিনের বৈঠকে চমকের পর চমক। একে একে হাজির হয়েছেন তিন তৃণমূল বিধায়ক। উপস্থিত দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ, হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিন, স্বরূপনগরের বিধায়ক বীনা মণ্ডল।
স্বরূপনগরের চারবারের বিধায়ক এই বীনা মণ্ডল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিও তিনি। এদিকে, হাড়োয়ার বিধায়ক আব্দুল মাতিনকে গত কয়েকদিনে তৃণমূলের কোনও বৈঠকে হাজির হতে দেখা যায়নি। এদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন তিনি। এদিন তিনি বলেন, “দলমতে পার্থক্য থাকতেই পারে। তবে উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক। তাই এখানে এসেছি।”